পুবের কলম প্রতিবেদক: বিগত কয়েকদিন ধরেই পশ্চিম এশিয়ার বাতাসে বারুদের গন্ধ। ইসরাইলি সেনাদের নৃশংস হামলায় কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা ভূমি। ইসরাইলের বোমা হামলায় মৃত্যু হয়েছে শত শত নিরপরাধ ফিলিস্তিনি নাগরিকের। ইসরাইলের এই যুদ্ধোন্মাদ  হানায় বাদ যাননি নিরপরাধ মহিলা এবং শিশুরাও।

ইসরাইলের যুদ্ধোন্মাদ নীতির বিরুদ্ধে প্রতিবাদ সংখ্যালঘু যুব ফেডারেশনের

নিরপরাধ ফিলিস্তিনির উপর ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদে কলকাতায় শান্তিপূর্ণ প্রতিবাদ সভা করলো সংখ্যালঘু যুব ফেডারেশন। বৃহস্পতিবার কলকাতার ধর্মতলা এলাকায় অনুষ্ঠিত এই প্রতিবাদ সভায় সংখালঘু যুব ফেডারেশনের শীর্ষ নেতৃত্ব মুহাম্মদ কামরুজ্জামান বলেন, ‘গত কয়েকদিন ধরেই ইসরাইলের সেনারা যেভাবে গাজা ভুখণ্ডে হামলা চালিয়ে যাচ্ছে, তা মানবতাবিরোধী। ইসরাইলের বোমার আঘাতে মৃত্যু হয়েছে মহিলা, শিশু-সহ সাধারণ নাগরিকের। এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি।

ইসরাইলের যুদ্ধোন্মাদ নীতির বিরুদ্ধে প্রতিবাদ সংখ্যালঘু যুব ফেডারেশনের

তিনি আরও বলেন, ইসরাইলের হানায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা-সহ একাধিক এলাকা। অথচ এই ঘটনায় আমেরিকা সহ পশ্চিমা কিছু শক্তি ইসরাইলকেই মদদ যোগাচ্ছে। ইসরাইলের দখলদারী আগ্রাসনকে সমর্থন করে ফিলিস্তিনকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য চক্রান্ত করছে কিছু ক্ষমতাশালী রাষ্ট্র। এমনকী ভারতের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদিও ইসরাইলের পক্ষেই কথা বলছেন বলেও তিনি মন্তব্য করেন।

পাশাপাশি ইসরাইলের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবি জানিয়ে মুহাম্মদ কামরুজ্জামান বলেন, ফিলিস্তিনকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলেই ইসরাইল এবং ফিলিস্তিন সমস্যা অনেকটাই স্তিমিত হবে।