পুবের কলম ওয়েবডেস্কঃ হারিয়ে গিয়েছে চিগি, শরীর খারাপ থাকায় বাবা, মা নিয়ে গিয়েছিলেন চিকিৎসকের চেম্বারে। সেখান থেকেই সে হারিয়ে গিয়েছে। এরপর থেকেই পরিবারের সদস্যদের খাওয়া ঘুম ছুটেছে। সংবাদপত্রে বিজ্ঞাপন, মাইকিং কিছুই বাদ নেই। অবশেষে মেয়েকে ফিরে পেতে স্নিফার ডগ নিয়ে আসার জন্য কলকাতা গোয়েন্দা দফতরে আবেদনও করছেন পরিবার।
কে এই চিগি। যার জন্য তোলপাড় আলিপুরদুয়ার শহর। এই চিগি হল একটি নাদুসনুদুস গোলগাল পাটকেল রঙের একটি বিড়াল।আরও পড়ুন:
গত ১০ মে আলিপুরদুয়ার জেলা শহরের বাবুপাড়া এলাকা থেকে নিখোঁজ হয় বছর ছয়ের চিগি। তারপর থেকেই নাওয়া-খাওয়া লাটে উঠেছে ওই পরিবারের।
৬ বছর আগে হায়দরাবাদ থেকে ওই বিড়ালটিকে আলিপুরদুয়ারে নিয়ে আসে দেবনাথ পরিবার। দীর্ঘদিন ধরে চিগির সঙ্গে এক নিবিড় সম্পর্ক গড়ে ওঠে ওই পরিবারের সদস্যদের। এক কথায় পরিবারের অন্যতম সদস্যই হয়ে ওঠে চিগি। তাই নিখোঁজ হওয়ার পর থেকে শোকের ছায়া দেবনাথ পরিবারে। দেবনাথ পরিবারের শোক স্পর্শ করেছে আলিপুরদুয়ারের মানুষজনকেও। সকলের প্রার্থনা চিগি ফিরে আসুক তার আপনজনদের কোলে।