পুবের কলম, ওয়েবডেস্ক: লোকসভা নির্বাচনে মহিলাদের মন জয়ে মন দিয়েছে এবার কেন্দ্রের মোদি সরকার। বাংলাতে সফরে এসেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সন্দেশখালিকে সামনে রেখে মহিলাদের নিরাপত্তার প্রশ্ন তুলে শাসকদলকে তুলোধনা করেছেন। এবার সেই তুরূপে তাস মহিলারাই। ভোটের আগে রান্নার গ্যাসের দাম কমিয়ে সেই মহিলাদের মন জয়ের দিকে এগিয়ে গেল বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রের মোদি সরকার।

আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে ফের একবার কমল গৃহস্থালির এলপিজি সিলিন্ডারের দাম। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে, শুক্রবার (৮ মার্চ), প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করলেন, এলপিজি সিলিন্ডারের দাম ১০০ টাকা কমানো হচ্ছে।

প্রধামন্ত্রী তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, সারা দেশে লক্ষ-লক্ষ পরিবারের আর্থিক বোঝা উল্লেখযোগ্যভাবে কমাবে।

বিশেষ করে আমাদের নারী শক্তিকে এতে উপকৃত হবে। রান্নার গ্যাসকে আরও সাশ্রয়ী করে তোলার মাধ্যমে, আমরা পারিবারিক কল্যাণ এবং এক স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার লক্ষ্য নিয়েছি। এতে মহিলাদের ক্ষমতায়নের পাশাপাশি, তাদের জন্য জীবনযাত্রা আরও সহজ হয়ে উঠবে।” প্রধানমন্ত্রীর আরও সংযোজন, আমরা আমাদের নারী শক্তির শক্তি, সাহস এবং স্থিতিস্থাপকতাকে অভিনন্দন জানাই এবং বিভিন্ন ক্ষেত্রে তাদের কৃতিত্বের প্রশংসা করি।
আমাদের সরকার শিক্ষা, উদ্যোক্তা, কৃষি, প্রযুক্তি এবং আরও অনেক কিছু উদ্যোগের মাধ্যমে নারীর ক্ষমতায়নে প্রতিশ্রুতিবদ্ধ।

দাম কমার পর মেট্রো শহরগুলি গ্যাসের দাম যা হবে

জায়গা--------আগের দাম----------- পরবর্তী দাম

দিল্লি-----------৯০৩------------------৮০৩

মুম্বই----------৯০২.৫-----------------৮০২.৫

কলকাতা----- ৯২৯--------------------৮২৯

চেন্নাই--------৯১৮.৫------------------৮১৮.৫

প্রসঙ্গত, বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রিসভা জানিয়েছিল উজ্জ্বলা যোজনার অধীনে এলপিজি সিলিন্ডারে ৩০০ টাকার ভর্তুকি দেওয়ার মেয়াদ আগামী অর্থবর্ষের জন্য বাড়ানো হয়েছে। গত বছরের অক্টোবরে, ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারে ভর্তুকির পরিমাণ ২০০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করেছিল মোদি সরকার। এই ভর্তুকির মেয়াদ ৩১ মার্চ শেষ হওয়ার কথা ছিল। পাশাপাশি, গত বছর অগস্টে গৃহস্থালীর এলপিজি সিলিন্ডারে ২০০ টাকা করে ভর্তুকি অনুমোদন করেছিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। তবে বিজেপিকে এই রাজনীতিকে অত্যন্ত চতুর কৌশল হিসেবেই দেখছে বিরোধীরা। এনসিপি (শরদ পওয়ার) দলের সাংসদ সুপ্রিয়া সুলে এই ঘোষণাকে ‘জুমলা’ বলেছেন।