পুবের কলম,ওয়েবডেস্ক:  নিট-ইউজি পরীক্ষায় অকৃতকার্য। হাইরাইজ বিল্ডিং নবম তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী পড়ুয়া। ওই শিক্ষার্থীর নাম, বাগিশা তিওয়ারি। বাবা ও মায়ের সঙ্গে বহুতল ভবনের  পঞ্চম তলায় থাকত ওই পড়ুয়া।

বুধবার ওই ভবনের নবম তলা থেকে আত্মঘাতী হয় সে। বহুতল থেকে পড়া মাত্রই তাকে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাচলাকালীন সেখানেই মৃত্যু হয় বাগিশার।

বাগিশা তিওয়ারি মধ্যপ্রদেশের রেভা জেলার বাসিন্দা।

ডাক্তারি পড়াশোনার সুবাদে মা-ভাইয়ের সঙ্গে কোটাতে থাকত।  বাগিশার ভাই, বর্তমানে ক্লাস ১২ এর পড়ুয়া, সেও  জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে।  এই ঘটনার পর থেকেই পরিবারে শোকের ছায়া নেমে এসেছে ৷ পরিবারের সম্মতিতে ময়না তদন্ত করা হয়েছে ওই পড়ুয়ার ৷

সিআই হরিনারায়ণ শর্মা জানিয়েছেন যে, মৃত ওই পড়ুয়া ফ্ল্যাটটির পঞ্চম তলায় থাকত ৷ ঘটনার কিছুক্ষণ আগে সে নবম তলায় ছিল। বহুতলের নয় তলায় বসবাসকারী এক মহিলা তাকে নীচে নেমে যাওয়ার কথা বলেন ৷ কিন্তু ওই মহিলার কথা শোনেনি বাগিশা। এরপরই ছাত্রীকে নীচতলায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা গিয়েছে ।

ঘটনা প্রসঙ্গেই কোটার জওহর নগর থানার আধিকারিক হরিনারায়ণ শর্মা আরও জানিয়েছেন, নিট-ইউজি রেজাল্ট প্রকাশের পর থেকেই ওই ছাত্রী মানসিক চাপে ছিলেন ৷  প্রাথমিক অনুমান, এই কারণেই আত্মহত্যার মতো চরম সিদ্ধান্ত গ্রহণ করেছে ।