পুবের কল্ম,ওয়েবডেস্ক: সিরিয়াল কিলিং বা সাইকোপ্যাথ কিলারদের নানা ঘটনার নজির পৃথিবীতে রয়েছে। তবে শিশুদের হত্যা করে কুখ্যাত হওয়া সিরিয়াল কিলিংয়ের ঘটনা নজিরবিহীন ও হৃদয়বিদারক। ৭ সদ্যোজাতকে খুনের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছে ৩৩ বছর বয়সী এক নার্স।  ম্যানচেস্টার ক্রাউন আদালতের বিচারক দোষী সাব্যস্ত করেছেন নার্স লুসি লেটবিকে।

সোমবার তার সাজা ঘোষণা হবে। যাবজ্জীবন কারাদণ্ড কিংবা দীর্ঘমেয়াদী জেল হতে পারে শিশুঘাতী নার্সের।  ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ শিশু সিরিয়াল কিলার হিসেবে চিহ্নিত হয়েছে লুসি। কাউন্টেস অফ চেস্টার হাসপাতালের নবজাতক পরিচর্যা ইউনিটের নার্স হিসেবে কর্মরত ছিলেন ৩৩ বছর বয়সী লুসি লেটবি।

২০১৫-১৬ সালে রাতের শিফটে ডিউটি করার সময়ে নবজাতকদের শরীরে ইঞ্জেকশনের মাধ্যমে ইনসুলিন ও বাতাস ঢুকিয়ে এবং বাকিদের জোর করে দুধ খাইয়ে হত্যা করে ওই নার্স। কয়েকটি শিশুর ওপর একাধিকবার আক্রমণ চালায় সে। আচমকাই শিশু মৃত্যুর ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়ে হাসপাতাল কর্তৃপক্ষ। বিষয়টি পুলিশের গোচরে আনেন তাঁরা।
তদন্তে নেমে ২০১৮ সালে প্রথমবার হাসপাতালের নবজাতক পরিচর্যা ইউনিটের নার্স লুসিকে গ্রেফতার করে পুলিশ। কিন্তু জামিন পেয়ে যায় ৩৩ বছর বয়সী নার্স। এরপর ২০১৯ সালে ফের গ্রেফতার হয় সে। তল্লাশির সময়ে লুসির বাড়ি থেকে একটি নথি উদ্ধার করেন তদন্তকারীরা। তাতে লেখা ছিল, ‘আমি একরত্তি নিরাপরাধ শিশুদের  খুন করেছি, কারণ তাদের যত্ন নেওয়ার মতো ভালো মানুষ আমি নই। আমি ভীষণ খারাপ মানুষ। আমি শয়তান, আমিই এ কাজ করেছি।’