পুবের কলম প্রতিবেদক: বড়দিনে হই হুল্লোড়ে মাতে গোটা শহর কলকাতা। তবে এই হুল্লোড়ে গত বছরের তুলনায় এ বছর আইন ভাঙার অভিযোগের সংখ্যাটা অনেক বেশি। ২০২২ সালের বড়দিনে মানে ২৫ ডিসেম্বর কলকাতা শহরের বুকে পুলিশের খাতায় দায়ের হয়েছিল ৪৩০টি আইন ভাঙার অভিযোগ। আর এবার মানে গত সোমবার দায়ের হয়েছে ৫৩২টি। পরিসংখ্যানই বলে দিচ্ছে, বড়দিনের ফূর্তিতে আইন শিকেয় তুলে দিয়েছিলেন কলকাতার এবং কলকাতায় আসা মানুষেরা। উৎসবের মেজাজে গোল্লায় গিয়েছে ট্র্যাফিক বিধি।
আরও পড়ুন:
মত্ত হয়ে অনেকেই ভুলেছেন শৃঙ্খলার সীমা-পরিসীমাও।
সোমবার সকাল থেকে রাত বড়দিন মুখর কলকাতার রাস্তায় ঢল নেমেছিল মানুষের। তাঁদের সামলে শহরের আইনশৃঙ্খলা বজায় রাখতে বাড়তি সতর্ক ছিল কলকাতা পুলিশও। কিন্তু তার পরও একের পর এক ঘটল বেপরোয়া ঘটনা। যদিও মহিলাদের নিরাপত্তাহানির কোনও অভিযোগ ওঠেনি। সামনে আসেনি কোনও ঘটনাও।আরও পড়ুন:
কলকাতা পুলিশ সূত্রে মঙ্গলবার জানা গিয়েছে গিয়েছে, বড়দিনে সব মিলিয়ে ৫৩২টি আইন ভাঙার ঘটনা ঘটেছে কলকাতা শহরের বুকে। তার মধ্যে গ্রেফতারি হয়েছে অর্ধেকেরও বেশি ঘটনায়।
বাজেয়াপ্ত করা হয়েছে প্রচুর পরিমাণে বেআইনি মদও। বড়দিনের সন্ধ্যায় বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে কলকাতা পুলিশ মোট ৫০.৪ লিটার বেআইনি মদ উদ্ধার করেছে। এ ছাড়া মত্ত অবস্থায় গাড়ি চালানোর ঘটনা বা বেপরোয়া ভাবে ট্র্যাফিক আইন ভেঙে গাড়ি বা বাইক চালানোর ঘটনাও ঘটেছে প্রচুর। মত্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ দায়ের হয়েছে ১০৩টি। বেপরোয়া ভাবে ট্র্যাফিক আইন ভাঙার ঘটনা ঘটেছে ১০৮টি। এ ছাড়া হেলমেট না পরে গাড়ি চালানোর অভিযোগ দায়ের করা হয়েছে ১৯৯টি। বাইকের পিছনের আসনে বসে হেলমেট না পরার ঘটনায় ৯২টি অভিযোগ দায়ের হয়েছে। এগুলি ছাড়া আরও অন্যান্য আইন ভাঙার অভিযোগ দায়ের করা হয়েছে ৩০টি। সব মিলিয়ে, বড় দিনে ৫৩২টি আইনভঙ্গের অভিযোগ দায়ের করেছে কলকাতা পুলিশ। এর মধ্যে গ্রেফতার করা হয়েছে ২৮৮ জনকে।আরও পড়ুন:
২০২২ সালের বড় দিনে আইন ভাঙার অভিযোগ দায়ের হয়েছিল ৪৩০টি। এর মধ্যে গ্রেফতার করা হয়েছিল ৩১৪ জনকে। এ বছর গ্রেফতারির সংখ্যা সামান্য কমলেও অভিযোগের সংখ্যা ১০০টি বেড়েছে। এ ছাড়া গত বছর বড়দিনে ৩৯ লিটার বেআইনি মদ উদ্ধার করেছিল পুলিশ। এ বছর সেই উদ্ধার হওয়া বেআইনি মদের পরিমাণও অনেক বেড়েছে। ৫০.৪ লিটার মুখের কথা নয়। তবে এবারও বড়দিনে কিন্তু নারীঘটিত কোনও অপরাধের ঘটনা সামনে আসেনি।