পুবের কলম ওয়েবডেস্ক: উৎসবের মরশুমে কলকাতার আমজনতার সুবিধার্থে এবার এক অভিনব উদ্যোগ নিয়েছে কলকাতা পুলিশ। একটি নতুন ফিচার যোগ করা হয়েছে কলকাতা পুলিশের ওয়েবসাইটে। ওই ফিচারে ক্লিক করলেই জানা যাবে থানার নাম। উৎসবের ভিড়ে রাস্তায় বেরিয়ে কোথাও পথ হারিয়ে ফেললে কলকাতা পুলিশের ওয়েবসাইটের ওই ফিচারে ক্লিক করলেই জেনে নিতে পারবেন আপনি কোন থানার এলাকায় রয়েছেন।
আরও পড়ুন:
কলকাতা পুলিশের জানিয়েছে, তাদের ওয়েবসাইট kolkatapolice.gov.in খুলে 'নো ইওর পুলিস স্টেশন'-এ ক্লিক করলে খুব সহজেই জেনে যাওয়া যাবে স্থানীয় থানার নাম।
একইসঙ্গে, সেই থানার ফোন নম্বর, হোয়াটসঅ্যাপ নম্বর, ঠিকানা সহ যাবতীয় তথ্য পাওয়া যাবে। বৃহস্পতিবার থেকে কলকাতা পুলিশের ওয়েবসাইটে নতুন এই সুবিধা পাওয়া যাচ্ছে।আরও পড়ুন:
শহরবাসীর নানা সমস্যা সমাধানে বিভিন্ন সময় একাধিক পদক্ষেপ আগেও নিয়েছে কলকাতা পুলিশ। কখনও বয়স্ক নাগরিকদের পাশে দাঁড়িয়ে তো কখনও স্কুল পড়ুয়াদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিয়ে শহরবাসীর প্রশংসা কুড়িয়েছে কলকাতা পুলিশ। একদিকে যেমন সিসিটিভি ক্যামেরা নিয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে, তেমনই বড়দিন এবং বর্ষপূর্তির দিন মদ্যপ ব্যক্তিদের খুঁজতে থানায় থানায় ও হোটেল রেস্তোরাঁয় নির্দেশিকাও পাঠিয়েছে লালবাজার।
এবার নাগরিকদের সাহায্যে আরও এক উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে কলকাতা পুলিশ। শহরের রাস্তাঘাটে বিভিন্ন সময় সমস্যার মুখোমুখি হতে হয় নাগরিকদের। সেই সময় সাহায্যের জন্য পুলিশের দ্বারস্থ হওয়া প্রয়োজন হয়। তবে, বিপদের সময় তাঁরা কোন থানা এলাকায় রয়েছেন তা ঠাওর করতে না পারায় সমস্যা বাড়ে সাধারণ মানুষের। এবার থেকে এধরণের সমস্যায় পড়লে নিজেদের মুঠোফোনে মাত্র একটি ক্লিকেই পাওয়া যাবে সমাধান। সহজেই জেনে নেওয়া যাবে ঘটনাস্থল কোন থানা এলাকার মধ্যে এবং সেই অনুযায়ী নেওয়া যাবে পুলিশের সাহায্য।আরও পড়ুন:
লালবাজার সূত্রে জানা গিয়েছে, প্রযুক্তিকে কাজে লাগিয়ে এই নয়া উদ্যোগ নেওয়া হয়েছে। কলকাতা পুলিশের ওয়েবসাইট খুলে ‘নো ইওর পুলিস স্টেশন’-এ ক্লিক করলে জিও-ফেন্সিং প্রযুক্তির সাহায্য ট্রেস করা হবে সংশ্লিষ্ট ব্যক্তির লোকেশন। আর তার মাধ্যমেই তিনি স্থানীয় থানা সম্পর্কে যাবতীয় তথ্য পাবেন। তবে, এই সুবিধা পাওয়ার জন্য সংশ্লিষ্ট নাগরিককে তাঁর মোবাইলের লোকেশন অন করে রাখতে হবে।
আরও পড়ুন:
পাশপাশি, জানা গিয়েছে, কলকাতা পুলিশের দ্বারা পরিচালিত 'বন্ধু' অ্যাপটিকেও নয়া ওয়েবসাইটের সঙ্গে যুক্ত করা হয়েছে। ফলে কলকাতা পুলিশের ওয়েবসাইট থেকে এফআইআর কপি, জেনারেল ডায়েরি থেকে শুরু করে ময়নাতদন্তের রিপোর্ট সহ যাবতীয় তথ্য সহজেই পাওয়া যাবে। এছাড়া জানা যাবে, শহরের মানুষের সুবিধার্থে পরিচালিত বিভিন্ন প্রকল্পগুলির বিষয়েও।