পুবের কলম, ওয়েবডেস্ক: পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে দু’দিনের জন্য একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করেছে সুদানের আধা সামরিক বাহিনী রাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) কমান্ডার হামদান দাগালো। সোমবার একটি অডিয়ো-বার্তায় বলেছেন, ‘আমরা ঈদ-উল- আযহার আগের দিন এবং ঈদের দিনে আত্মরক্ষার পরিস্থিতি ব্যতীত একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করছি।’ আরএসএফ কমান্ডার আশা প্রকাশ করেন, ঈদের ছুটি সুদানের জনগণের মধ্যে সমঝোতার সুযোগ তৈরি করে দেবে। যুদ্ধের কারণে সৃষ্ট মানবিক পরিস্থিতির কথা স্বীকার করে তিনি বলেছেন, ‘আমরা যুদ্ধ থেকে আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী হয়ে উঠতে পারব বলে আশা করছি।

’ এ দিকে সুদানের সেনাবাহিনী সম্ভাব্য যুদ্ধবিরতির বিষয়ে কোনও মন্তব্য করেনি। উল্লেখ্য, ১৫ এপ্রিল সুদানের গৃহযুদ্ধ শুরু হয়। দেশটির নিয়মিত সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনী আরএসএফের মধ্যে লাগাতার যুদ্ধে ইতিমধ্যেই ২ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে। মূলত সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল বুরহান এবং আরএসএফ প্রধান জেনারেল হামদান দাগালোর মধ্যে ক্ষমতার দখলকে কেন্দ্র করে এই গৃহযুদ্ধের সূত্রপাত ঘটে।