পুবের কলম,ওয়েবডেস্ক: ছবির প্রদর্শনী থেকে মুছে দেওয়া হল নরেন্দ্র মোদির দুই চিত্র। এই ছবিতে তাঁকে বিশ্বকর্মা,দশভুজার এবং বিষ্ণুর  রুপে চিত্রায়িত করা হয়েছিল। মোদির স্তূতিতে ভক্তরা অনেক কিছুই বলে থাকেন। তা করতে গিয়ে কখনও কখনও সীমা অতিক্রম করে যান তারা।
এক্ষেত্রে তেমনটাই মনে করছেন অনেকে।

জানা গেছে, মহারাজা সায়াজিরাও বিশ্ববিদ্যালয়ের চিত্র প্রদর্শনী অনুষ্ঠান থেকে 'মোদি@২০' শিরোনামের দুটি চিত্রকলা সরিয়ে দেওয়া হয়েছে। দাবি, সাধারণ মানুষের ধর্মীয় ভাবাবেগে আঘাত করতে পারে এই ছবি। মোদির জীবনের ২০ বছরের কর্মকাণ্ড তুলে ধরতে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দুই দিন ব্যাপী ওই অনুষ্ঠান চলবে। সবমিলিয়ে মোট ৪০ টি চিত্রকর্ম এবং কিছু ভাস্কর্য রয়েছে।

প্রসঙ্গক্রমে ফাইন আর্টস অনুষদের ডিন অম্বিকা প্যাটেল সংবাদমাধ্যমে জানান, ছবি দুটি দেখে শিল্পীদের সেটা ব্যাখ্যা করতে বলেছিলাম। প্রত্যুত্তরে তারা জানান, দেশের স্বার্থে মোদির কাজ দেখেই এই ছবি আঁকার সিদ্ধান্ত নেন তিনি। তবে বিশেষ এই ছবিগুলি একটি সম্প্রদায়ের মনে আঘাত হানতে পারে ভেবেই আমি চিত্রকলা গুলি সরিয়ে দেওয়ার কথা জানায়।