পুবের কলম, ওয়েবডেস্ক: দুর্নীতি ইস্যুতে বারংবার বিরোধীদের আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার দুর্নীতি ইস্যুতে মোদি সরকারকে তুলোধোনা করল কংগ্রেস নেতা রাহুল গান্ধি। তিনি বলেন, "প্রধানমন্ত্রী আসলে দুর্নীতির চ্যাম্পিয়ন।" এরপরই নির্বাচনী বন্ডের প্রসঙ্গ তুলে বিজেপিকে বিঁধলেন তিনি।

রাহুলের কথায়, "নির্বাচনী বন্ড নাকী স্বচ্ছতার জন্য আনা হয়েছিল! তাই যদি হবে সুপ্রিম কোর্ট খারিজ কেন করল? কে টাকা দিল, কত টাকা দিল, কবে টাকা দিল, এই তথ্যগুলো কেন লুকানো হল।” সুর চড়িয়ে বিদায়ী কংগ্রেস সাংসদ বলেন, “কোনও সংস্থা বড় অর্ডার পেলে, কিংবা সংস্থার অফিসে ইডি-সিবিআইয়ের অভিযান চললে কয়েকদিনের মধ্যে বিজেপিকে টাকা দিয়ে দিচ্ছে সংস্থাগুলি।
মাঠে ময়দানে এটাকে তোলাবাজি বলে।”

 

বিজেপির ৪০০ আসনের দাবিকে কটাক্ষ করেন রাহুল গান্ধি। তাঁর দাবি, ‘৪০০ আসন আসলে অলীক স্বপ্ন, ১৫০ আসনও পার করতে পারবে না এনডিএ।’ মোদি জমানায় দেশে ভয়াবহ বেকারত্ব ও মুদ্রাস্ফীতির বিরুদ্ধে এবার মানুষ ভোট দেবেন বলেও দাবি করেন রাহুল গান্ধী।