পুবের কলম, ওয়েবডেস্ক: দেশের উন্নত পরিষেবা প্রদানকারী ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস। ফের আরও একবার ট্রেনে সরবরাহ করা খাবারের মান নিয়ে প্রশ্ন তুলল যাত্রীরা। খাবার অর্ডার করার পর বাসি গন্ধযুক্ত খাবার দেওয়া হয়েছে বলে অভিযোগ তুললেন এক যাত্রী। ভারতীয় রেলের অধীনস্থ আইআরসিটিসির সরবরাহ করা খাবারের মান নিয়ে সরব হয়েছেন আকাশ কেশরী। ওই বাসি খাবারের প্লেট ফিরিয়ে দিয়েছেন তিনি।

তারপরই ট্রেনের অন্যান্য যাত্রীরা সমস্ত খাবার ফিরিয়ে দিয়েছেন। এর আগেও একাধিকবার এক্সপ্রেস ট্রেনটির সরবরাহ করা খাবারের গুনগত মান নিয়ে প্রশ্ন উঠেছে। বাসি খাবারের ভিডিয়ো করে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন আকাশ। বন্দে ভারতের পরিষেবা নিয়ে হতাশা প্রকাশ করেছেন তিনি। এমনকি খাবার অর্ডারের সমস্ত অর্থও ফেরত চেয়েছেন।

গোটা ঘটনাটি নিজের এক্স হ্যান্ডেলে লিখে ভারতীয় রেল এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে ট্যাগ করেছেন।

তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, "হাই স্যার আমি (ট্রেন নম্বর-২২৪১৬) এনডিএলএস থেকে বিএসবি পর্যন্ত যাত্রা করছি। ট্রেনে এখন যে খাবার পরিবেশন করা হল তা গন্ধযুক্ত এবং নিম্নমানের খাবার। দয়া করে আমার সমস্ত টাকা ফেরত দিন। খাবার সরবরাহকারী সংস্থা বন্দে ভারত এক্সপ্রেসের ভাবমূর্তি নষ্ট করছে।"

ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেডের (আইআরসিটিসি) অফিসিয়াল হ্যান্ডেল থেকে ওই পোস্টের জবাব দেওয়া হয়েছে। সংস্থাটি জানিয়েছে, "বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। পরিষেবা প্রদানকারীর উপর উপযুক্ত ব্যবস্থা এবং জরিমানা করা হবে। যারা নিম্নমানের খাবার সরবরাহ করেছে, তাদের কাজ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। খাবার প্রদানকারী সংস্থার মালিককে কড়া নির্দেশ পাঠানো হয়েছে। পরিষেবা দিকে বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে।"