দেবশ্রী মজুমদার , নানুর: বালি বোঝাই ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হল এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর। পরীক্ষার্থীর নাম বাহাদুর মেটে।  দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকালে বীরভূমের নানুরের বাসা পাড়া রাস্তায়। পুলিশ ও এলাকাসূত্রে জানা গেছে,  মৃতের নাম  বাহাদুর মেটে (১৭ )।

তার বাড়ি নানুরের পুরাতন ডাঙ্গাপাড়া এলাকায়। মৃতের বাবা লক্ষ্মী মেটে একজন ইঁটভাটার শ্রমিক।   স্থানীয়  সূত্রে জানা গিয়েছে, এদিন বাড়ি থেকে সাইকেলে করে নানুরের বাসাপাড়া হাই স্কুলে উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা দিতে যাচ্ছিল বছর সতেরোর বাহাদুর মেটে। সেই সময় হঠাৎই একটি বালি বোঝাই ট্রাক্টর পিছন দিক থেকে এসে তাকে ধাক্কা মারে ও পিষে দিয়ে চলে যায়।
 এরপর এলাকাবাসীরা গুরুতর আহত অবস্থায় ওই পরীক্ষার্থীকে চিকিৎসার উদ্দেশ্যে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় ওই পরীক্ষার্থীর। এরপরই উত্তেজিত গ্রামবাসী দোষীদের শাস্তির দাবিতে নানুরের বাসা পাড়া রাস্তা পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে।  যদিও পরে পুলিশি হস্তক্ষেপে  অবরোধ উঠে যায়।   এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ। তবে চালক এখনো অধরা।