পুবের কলম, ওয়েবডেস্ক: ভারতে আইফোন ১৫ তৈরি কথা আগেই জানিয়েছিল অ্যাপল। নতুন আইফোন ১৫ লঞ্চও হয়েছে। এবার ‘মেড-ইন-ইন্ডিয়া’ আইফোন ১৫ নিয়ে গুজব ছড়াতে দেখা গেল চিনকে। সে দেশের সামাজিক মাধ্যমে ভারতে তৈরি আইফোন নিয়ে সরব হয়েছেন অনেকেই। তাদের দাবি, ‘চিনের তৈরি আইফোন ১৫ একচেটিয়াভাবে ইউরোপীয় এবং আমেরিকান বাজারে পাওয়া যাবে। আর ভারতে তৈরি আইফোন ১৫ চিনের বাজারে বিশেষভাবে লঞ্চ করা হবে’।
আরও পড়ুন:
একটি পোস্টে দেখা গিয়েছে, ‘ভারতের শ্রমিকরা যে হাত দিয়ে ভাত-তরকারি খায়, চোখের জল মোছে সেই হাত দিয়েই আইফোনগুলি তারা স্পর্শ করে। ফলে ভারত থেকে আসা আইফোনগুলিতে জীবাণু থাকতে পারে। যারা পরিষ্কার-পরিচ্ছন্নতায় থাকেন তাদের কাছে আইফোনগুলি জীবাণুমুক্ত নাও হতে পারে। এমনকি ফোনে ‘মৃত ভাত’-এর গন্ধও থাকতে পারে’। এমনই সব ব্যঙ্গাত্মক মন্তব্য করা হয়েছে চিনের সামাজিক মাধ্যম ‘ওয়েইবো’তে। একজন ব্যবহারকারী ব্যঙ্গ করে লিখেছেন, "মনে হচ্ছে প্রথম রিলিজটি এলোমেলো হবে।
ফোন থেকে তরকারির গন্ধ বেরোবে। যদিও ভারতীয়দের কাছে এটি স্বাভাবিক এবং পরিষ্কার এবং স্বাস্থ্যকর।" ভারতীয়দের বিরুদ্ধে জাতিগত অপবাদ ছড়াতে নানা মন্তব্য ও গুজব ছড়ানোর অভিযোগ উঠেছে।আরও পড়ুন:
‘প্রথমবার লঞ্চের দিনে অ্যাপল মেড-ইন-ইন্ডিয়া আইফোন বিক্রি করবে’ শিরোনামের একটি রিপোর্ট করেছে ব্লুমবার্গ। গুজব ছড়াতে এই রিপোর্টকেই হাতিয়ার করা হয়। বলা হয়, ব্যবহারকারীরা ভুলবশত ভারতে তৈরি আইফোন কিনলে তাদের সুরক্ষায় নজর দিতে হবে বলে পরামর্শ দেয় চিনা নেটিজেনরা।
অনেকেই উৎপাদন ক্ষমতার দিক থেকে ভারতকে পিছিয়ে পড়া বলে আক্রমণ করেন।আরও পড়ুন:
ভারতে পাশে দাঁড়িয়ে চিনা সাংবাদিক ওয়েনহাও তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, ‘আইফোন তৈরিতে ভূমিকা রাখছে ভারত। তাই কিছু চিনা সামাজিক মাধ্যম ভারতকে টার্গেট করছে। ভারতে তৈরি আইফোন ১৫ এর ৫০% ফেরত দেওয়া হয়েছে বলেও ভুল তথ্য ছড়ানো হচ্ছে’। এদিকে চিনা সামাজিক মাধ্যমের দাবিগুলি উড়িয়ে অ্যাপল কর্তারা জানিয়েছেন, ‘চিনে তৈরি আইফোন ১৫ সিরিজ একচেটিয়াভাবে ইউরোপীয় এবং আমেরিকান বাজারের জন্য নয়। একইভাবে ভারতে তৈরি আইফোন ১৫ শুধুমাত্র চিনা বাজারের জন্যও নয়’।