পুবের কলম ওয়েবডেস্ক: আধারের পাশাপাশি ভোটার কার্ডকেও বিশেষ নিবিড় সমীক্ষা এসআইআর-এ (SIR) প্রামাণ্য নথি হিসেবে গ্রহণের দাবি তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “ভোটার কার্ড অবশ্যই একটি পরিচয়পত্র। তাই এটি এসআইআরে অন্তর্ভুক্ত হোক।
”আরও পড়ুন:
সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই বিহারে চলমান এসআইআর (SIR) প্রক্রিয়ায় আধারকে ১২তম নথি হিসেবে অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছে। আদালতের পর্যবেক্ষণ— আধার নাগরিকত্বের প্রমাণ নয় ঠিকই, তবে এটি সরকার স্বীকৃত পরিচয়পত্র। সেই প্রসঙ্গ টেনেই মমতার প্রশ্ন— ভোটার কার্ড কেন বাদ পড়বে?
আরও পড়ুন:
রাজনৈতিক মহল মনে করছে, মমতার দাবি যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কারণ, দেশে বসবাসকারী প্রত্যেক নাগরিক ভোটার কার্ড নিয়েই ভোট দিতে পারেন। তাহলে সেটিকে ভোটার তালিকায় নাম তোলা বা বাদ দেওয়ার ক্ষেত্রে নথি হিসেবে ধরা হবে না কেন?
আরও পড়ুন:
এসআইআরের (SIR) বিরুদ্ধে তৃণমূল ও বিরোধী জোট ‘ইন্ডিয়া’ বরাবরই সরব। মমতার বক্তব্য, প্রকৃত ভোটারের নাম বাদ দিলে নির্বাচন কমিশনের বিরুদ্ধেই আন্দোলন হবে। ভোটের আগে হঠাৎ করে এসআইআর প্রক্রিয়া চালু করার মধ্যে বিজেপির ‘গোপন অ্যাজেন্ডা’ রয়েছে বলেও অভিযোগ তুলেছেন তিনি। ফলে মুখ্যমন্ত্রীর এই নতুন দাবি এসআইআর বিতর্কে আরও মাত্রা যোগ করবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।