পুবের কলম ওয়েব ডেস্কঃ আগামী ১ জুন থেকে রাজ্যে চালু হচ্ছে অন্নপূর্ণা যোজনা। যাদের লক্ষ্মী ভান্ডারে নাম ছিল সেই উপভোক্তাদের অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যাবে মাসে ৩০০০ করে টাকা। সংশ্লিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করাতে বলা হয়েছে। আর তারপরেই পোস্ট অফিস ব্যাঙ্কের মানুষের লম্বা লাইন পড়তে শুরু করেছে। সেইসঙ্গে সিএএতে নাগরিকত্বের জন্যও আবেদন জমা করছেন অনেকে।
আর এরজন্য ভিড় জমেছে বারাসত পোস্ট অফিসের সামনে। ভিড় সামলাতে গিয়ে কার্যত হিমশিম খেতে হচ্ছে কর্মীদের। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকায় কার্যত ক্ষোভ তৈরি হয়েছে লাইনে দাঁড়িয়ে থাকা মানুষদের মধ্যে। এনিয়ে কড়া নির্দেশ দিলেন রাজ্যের খাদ্য ও সমবায়মন্ত্রী অশোক কীর্তনিয়া।আরও পড়ুন:
জানা গিয়েছে, ভিড়ের খবর পেয়েই মন্ত্রী পোস্ট অফিসের সুপারিন্টেনডেন্টের সঙ্গে অনেকক্ষণ ধরে বৈঠক করেন।
মন্ত্রী স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন যেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট-আধার লিঙ্ক করাতে গিয়ে মানুষকে হয়রানি মুখে পড়তে না হয় বা সমস্যায় পড়তে না হয়। পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গেও কথা বলেন মন্ত্রী। তাঁদের সমস্যার কথা শোনেন। পোস্ট অফিসের পরিষেবা নিয়ে অনেকে মন্ত্রীর কাছে নালিশও জানান। সেই সব অভিযোগ শোনার পর পোস্ট অফিস কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এবিষয়ে সতর্ক করেন। পরে মন্ত্রী জানান, আধার লিঙ্ক করা আর লক্ষ্মীর ভাণ্ডার থেকে অন্নপূর্ণা যোজনায় ট্রান্সফার করা হল সরকারের পলিসি। সেই কারণেই এত ভিড় হয়েছে পোস্ট অফিসে। তিনি জানান, পোস্ট অফিসে কাউন্টার বাড়ালে অনেকটাই সমস্যার সমাধান হবে। তাই এবিষয়ে পোস্ট অফিসের কর্মকর্তাদের জানানো হয়েছে। অন্যদিকে, সিএএতে আবেদনের সময় পোস্ট অফিসের কর্মীদের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুলেছেন অনেকে। মন্ত্রী জানান, ছোট খাটো বিষয়ে সমস্যা যাতে না হয় সেবিষয়ে পোস্ট অফিসে জানানো হয়েছে।