পুবের কলম ওয়েব ডেস্কঃ বাংলায় নতুন সরকারের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে আরও একধাপ এগোল। সুন্দরবন সংলগ্ন হিঙ্গলগঞ্জ ব্লকের প্রায় পাঁচ হাজারেরও বেশি মহিলা অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেলেন। এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এলাকার বিধায়ক রেখা পাত্র প্রতীকীভাবে কয়েকজন উপভোক্তার হাতে তিন হাজার টাকার চেক তুলে দেন। যদিও সমস্ত অর্থ সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক হিসাবে জমা করা হয়।
আরও পড়ুন:
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক জানান, যাঁরা প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করেছিলেন, তাঁদের মধ্য থেকেই উপযুক্ত উপভোক্তাদের এই সুবিধা দেওয়া হয়েছে।
তিনি বলেন, নতুন সরকার দায়িত্ব গ্রহণের অল্প সময়ের মধ্যেই মানুষের কাছে সুবিধা পৌঁছে দিতে সক্ষম হয়েছে। নির্বাচনের আগে দেওয়া অঙ্গীকার পূরণে সরকার বদ্ধপরিকর বলেও তিনি দাবি করেন। সূত্রে জানা গিয়েছে, শুধুমাত্র হিঙ্গলগঞ্জ ব্লকেই এদিন মোট ৫,১০০ জন উপভোক্তার হিসাবে প্রকল্পের অর্থ পাঠানো হয়েছে। অন্যদিকে বসিরহাটেও এই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন। ১০০ জন উপভোক্তার হাতে প্রকল্পের শংসাপত্র তুলে দেওয়া হয়।আরও পড়ুন:
বসিরহাট পুর এলাকার প্রায় ২,৭০০ উপভোক্তার ব্যাঙ্ক হিসাবেও প্রথম কিস্তির অর্থ জমা হয়েছে বলে জানা যায়। প্রথমবার এই আর্থিক সহায়তা পেয়ে খুশি উপভোক্তারাও। হিঙ্গলগঞ্জের কয়েকজন মহিলা জানান, আগে যে পরিমাণ অর্থ পাওয়া যেত, বর্তমানে তা দ্বিগুন হওয়ায় সংসার চালাতে কিছুটা স্বস্তি মিলবে। নিত্যপ্রয়োজনীয় খরচ সামলাতে এই অর্থ তাঁদের যথেষ্ট সাহায্য করবে বলেও তাঁরা আশা প্রকাশ করেছেন।