পুবের কলম ওয়েবডেস্ক : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং রামায়ণের একটি বিখ্যাত সংলাপ ভুল চরিত্রের মুখে বসিয়ে পড়েছেন বলে অভিযোগ উঠছে। উল্লেখ্য যে, রবিবার মধ্যপ্রদেশের রায়সেনের দশেরা ময়দানে ‘গ্রীনফিল্ড রেল কোচ নির্মাণ কেন্দ্র’-এর ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে যোগ দিয়ে রাজনাথ সিং বলেন রামায়ণের সংলাপ ভুল চরিত্রের মুখে বসান।
রামচরিতমানস-এর আসল কাহিনিতে এই সংলাপ সীতা ও হনুমানের নয়, বরং হনুমান ও রাবণের মধ্যে ঘটে। আসল গল্প অনুযায়ী, হনুমান সীতাকে রামের বার্তা দেওয়ার পর ফল খেতে শুরু করলে রাবণের সৈন্যরা আক্রমণ করে। যুদ্ধে রাবণের পুত্র অক্ষয়কুমার নিহত হয় এবং অবশেষে মেঘনাদ তাঁকে বেঁধে রাবণের দরবারে নিয়ে আসে। সেখানেই এই সংলাপ বিনিময় হয়।
রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এ ধরনের ভুল উদ্ধৃতি যদি বিরোধী শিবিরের নেতা দিতেন, তাহলে সোশ্যাল মিডিয়ায় এতক্ষণে সমালোচনার ঝড় উঠত। অন্যদিকে এর আগে অভিনেত্রী সোনাক্ষী সিনহা ‘কোন বানেগা ক্রোড়পতি’ তে রামায়ণের একটি প্রশ্নের উত্তর দিতে না পারায় প্রবল ট্রোলের শিকার হয়েছিলেন।
কিন্তু রাজনাথ সিংয়ের এই ভুল নিয়ে তেমন কোনো সমালোচনাই হয়নি। বিশ্লেষকরা বলছেন যে ধর্মীয় কাহিনিকে এইভাবে রাজনৈতিক মঞ্চে ব্যবহার করলে তা সঠিক তথ্য ও প্রাসঙ্গিকতার ভিত্তিতে হওয়া উচিত।




























