পুবের কলম ওয়েবডেস্কঃ চিনের উহান শহরেই প্রথম কোভিড ১৯ বা করোনার সন্ধান মেলে। বিগত প্রায় ২ বছর ধরে যার জেরে বিধ্বস্ত হয়েছে পৃথিবীর প্রায় প্রতিটি দেশ। দেখেছে মৃত্যু মিছিল।
এবার সেই চিনে ফের জারি করা হল কঠোর লকডাউন। জানা যাচ্ছে চিনের কয়েকটি প্রদেশ ও শহরে ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় এই সিদ্ধান্ত নিয়েছে জিনপিং সরকার।


সোমবার থেকে জারি করা হয়েছে এ নতুন লকডাউন। গত কয়েক মাসের মধ্যে নতুন করে ফের করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ভ্রমণে নিষেধাজ্ঞা এবং গণহারে লোকজনের করোনা পরীক্ষা করছে কর্তৃপক্ষ। স্থানীয়ভাবে চিনে সোমবার নতুন করে ৫৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
করোনার অতি সংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্টের কারণেই দেশটিতে সংক্রমণ বাড়তে শুরু করেছে। চিনের ডজনখানেক প্রদেশ এবং ২০টির বেশি শহরে ইতোমধ্যেই ডেল্টা ভ্যারিয়েন্টের উপস্থিতি শনাক্ত হয়েছে। রাজধানী বেজিংসহ অন্য বড় শহরের স্থানীয় সরকার তাদের বাসিন্দাদের করোনা পরীক্ষা করছে।