অন্ধ্রপ্রদেশের  মাচেরলা শহরে এক ৩৫ বছর বয়সী সরকারি কর্মীর উপর ভয়াবহ নির্যাতনের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার বিকেলে নিজের বাড়িতেই ধর্ষণের শিকার হন ওই মহিলা। ঘটনার নির্মমতা ঘিরে ইতিমধ্যেই নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মহিলা বাড়িতে একাই ছিলেন। বিকেল সাড়ে তিনটে থেকে চারটের মধ্যে এক ব্যক্তি জল চাওয়ার অজুহাতে তাঁর বাড়িতে ঢোকে।

এরপর ছুরি দেখিয়ে মহিলাকে ভয় দেখিয়ে বেঁধে ফেলে এবং মুখও বেঁধে দেয়। সেই অবস্থাতেই তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।

নির্যাতনের সময় ওই মহিলা এইচআইভি আক্রান্ত—এ কথা জানতে পেরে অভিযুক্ত আরও হিংস্র হয়ে ওঠে। অভিযোগ, এরপর মহিলার উপর চরম অমানবিক অত্যাচার চালানো হয়। গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।

ঘটনার সময় মহিলার সঙ্গে থাকা ভাইপো বাড়িতে ছিল না। পরে বহুবার যোগাযোগ না পেয়ে আত্মীয়দের খবর দিলে তাঁরা এসে মহিলাকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করেন।
এই ঘটনায় অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই চারটি বিশেষ দল গঠন করা হয়েছে। দিনের আলোয় এমন নৃশংস ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে।