রাজ্যে ভোটার তালিকা শুদ্ধিকরণে বড় চিত্র সামনে এসেছে। কমিশনের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ৯৮.৮৪% ইনিউমারেশন ফর্ম ডিজিটাইজড হলেও প্রায় ৫৩ লক্ষ ভোটারের ম্যাপিং হয়নি। এদের মধ্যে রয়েছেন মৃত, স্থানান্তরিত ও অনুপস্থিত ভোটার— যারা খসড়া তালিকা থেকে বাদ পড়তে পারেন।
শহরাঞ্চলেই মৃত ও স্থানান্তরিত ভোটারের সংখ্যা সবচেয়ে বেশি। কলকাতা, আসানসোল–দুর্গাপুর, দমদম, বিধাননগর, কল্যাণী ও শিলিগুড়িতে মৃত ভোটার বহু। শুধু উত্তর কলকাতায় মৃত ভোটার ১ লক্ষ ১ হাজারের বেশি, দক্ষিণ কলকাতায় ৬৫ হাজারেরও বেশি। রাজ্যজুড়ে মৃত ভোটার পাওয়া গেছে প্রায় ২৩.৫ লক্ষ, স্থানান্তরিত ১৮.৫৫ লক্ষ, অনুপস্থিত ৯.৪২ লক্ষ।
এদিকে মৃত বা স্থানান্তরিত ভোটারশূন্য বুথের সংখ্যা কমতে কমতে বর্তমানে দাঁড়িয়েছে মাত্র সাতটিতে। কমিশন বিএলওদের পুনরায় যাচাইয়ের নির্দেশ দিয়েছে। পাশাপাশি বুথভিত্তিক মৃত ও স্থানান্তরিত ভোটার তালিকায় রাজনৈতিক দলের প্রতিনিধিদের স্বাক্ষর নেওয়ার নির্দেশও জারি হয়েছে। নতুন সফটওয়্যার ‘ডেমোগ্রাফিক সিমিলার এন্ট্রিজ’ চালু হওয়ায় চিহ্নিতকরণ আরও সহজ হবে বলে জানিয়েছে কমিশন।



























