ভোটগণনা ঘিরে প্রথম থেকেই ‘স্লো ট্রেন্ডিং’-এর জল্পনা ছড়ালেও তা কার্যত উড়িয়ে দিল নির্বাচন কমিশন। সোমবার গণনার শুরুতেই অনেকের অভিযোগ ছিল, এবারের ফলাফল প্রকাশ তুলনামূলক ধীরগতিতে এগোচ্ছে। তবে সেই দাবি মানতে নারাজ কমিশনের বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত।

তিনি স্পষ্ট জানান, “এখনই বলা যাবে না যে গণনা ধীরগতিতে হচ্ছে।

সবকিছু নির্দিষ্ট নিয়ম মেনেই চলছে।” তাঁর কথায়, প্রতিটি কেন্দ্রে রিটার্নিং অফিসারেরা যতগুলি টেবিল চেয়েছিলেন, কমিশন ঠিক ততগুলিই বরাদ্দ করেছে। ফলে গণনার গতি নিয়ে অযথা উদ্বেগের কোনও কারণ নেই বলেই ইঙ্গিত দেন তিনি।

প্রসঙ্গত, এবারের ভোটগণনায় স্বচ্ছতা ও নির্ভুলতা নিশ্চিত করতে একাধিক নতুন নিয়ম চালু করা হয়েছে।

প্রতিটি রাউন্ডের ফল প্রকাশের আগে তা একাধিক স্তরে যাচাই করা হচ্ছে। অনেকের মতে, এই বাড়তি সতর্কতার কারণেই ফল প্রকাশে কিছুটা সময় লাগছে।

তবে কমিশনের বক্তব্য অনুযায়ী, গণনা প্রক্রিয়া সম্পূর্ণ সুশৃঙ্খলভাবেই এগোচ্ছে এবং নির্ধারিত নিয়ম মেনেই ফলাফল প্রকাশ করা হবে। ফলে ‘স্লো ট্রেন্ডিং’ নিয়ে যে জল্পনা তৈরি হয়েছে, তা আপাতত ভিত্তিহীন বলেই মনে করছে কমিশন।