পুবের কলম ওয়েবডেস্ক: জম্মু কাশ্মীরের পহেলগাঁও নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করায় ব্যাপক ধড়পাকড় শুরু করেছে অসম পুলিশ। শুক্রবারও দু’জন মুসলিম যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- সাবিকুল ইসলাম ও দুলাল বোরা।
পহেলগাঁওকাণ্ড নিয়ে সামাজিক মাধ্যমে নিজেদের মতামত শেয়ার করেছিলেন ওই দুই যুবক। এই অভিযোগেই তাদের গ্রেফতার করেছে পুলিশ। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, পহেলগাঁও নিয়ে সামাজিক মাধ্যমে পোস্টের অভিযোগে আরও দু’জনকে গ্রেফতার করেছে অসম পুলিশ।
যার ফলে এপ্রিল মাসে পহেলগাঁও হামলার পর থেকে মোট গ্রেফতারের সংখ্যা দাঁড়িয়েছে ৯২ জন। এক এক্স বার্তায় অসমের মুখ্যমন্ত্রী লিখেছেন, “হিন্দু বিরোধীদের গ্রেফতার করা হয়েছে! ধরপাকড় অব্যাহত রয়েছে। মোট ৯২ জন অপরাধী কারাগারে রয়েছে।”
এখন পর্যন্ত যে ৯২ জনকে গ্রেফতার করা হয়েছে, তাদের অধিকাংশই মুসলিম। গ্রেফতার হওয়া অনেকেরই অভিযোগ, বর্তমান পরিস্থিতির সুযোগ নিয়ে মুসলিম যুবকদের গ্রেফতার করছে অসম পুলিশ।
বরাবরই মুসলিমদের বিরুদ্ধে দমন নিপীড়ন চালানোর শীর্ষে থাকেন হিমন্ত বিশ্ব শর্মা। এর আগে মুসলিমদের টার্গেট করে অসমের মুখ্যমন্ত্রী মন্তব্য করেছিলেন, ‘দেশদ্রোহীদের বিরুদ্ধে রাজ্যব্যাপী অভিযান অব্যাহত থাকবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না। পহেলগাঁও হামলার পর ‘ভারত-বিরোধী ও পাকিস্তানপন্থী কার্যকলাপ’-এর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে পুলিশ।
উল্লেখ্য, এর আগে পহেলগাঁও হামলা নিয়ে পাকিস্তানের সমর্থনে মন্তব্য করার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল এআইইউডিএফ বিধায়ক আমিনুল ইসলামকে। তাঁর বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা দায়ের করা হয়। যদিও পরে তিনি জামিন পান। তারপর ফের বিধায়কের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনে (এনএসএ) মামলা রুজু করা হয়।




























