পুবের কলম প্রতিবেদকঃ  রাজ্যে শুরু হয়েছে বড়দিনের উৎসব। গির্জাগুলিতে সমাগম হচ্ছে প্রচুর মানুষের। তার আগে করোনা সংক্রমণ রুখতে রুখতে উৎসবের দিনে কোভিড বিধি মেনে চলার পরামর্শ দিল শহরের বিভিন্ন গির্জা।

প্রতিবেশী দেশ চিনে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণ মহামারী আকার ধারণ করেছে। ভারতেও করোনার নতুন ভ্যারিয়েন্ট বিএফ.৭ আক্রান্ত হয়েছেন ৪ জন।

সেই আবহে কেন্দ্রের তরফে উচ্চ পর্যায়ের বৈঠক করে রাজ্যগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীকে মাস্ক পরার পরামর্শ দিয়েছেন। এই পরিস্থিতিতে রবিবার দেশজুড়ে পালিত হবে বড়দিন। তার এক সপ্তাহ পরেই ইংরেজি নতুন বছরের উৎসবে মাতবে বহু মানুষ।

ফলে বড়দিনের উৎসবের মরুশুমে গির্জাগুলিতে ভিড়ের কথা মাথায় রেখে পূণ্যার্থী এবং দর্শনার্থীদের কোভিড বিধি মেনে চলার জন্য আর্জি জানানো হয়েছে।

বড়দিনের উৎসবে শারীরিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি স্যানিটাইজার ও মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে। গির্জার তরফে পরামর্শ দেওয়া হয়েছে, বয়স্ক এবং অসুস্থ ব্যক্তিদের ভিড় এড়িয়ে চলার জন্য।

বো ব্যারাকের বড়দিনের উৎসবের আয়োজকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে পূণ্যার্থী এবং দর্শনার্থীদের কোভিড বিধি মেনে চলার আবেদন জানিয়েছেন। একই আবেদন জানানো হয়েছে মানিক তলার ডাফ চার্চের তরফেও।

গির্জার ভিতরে স্যানিটাইজ করার পাশাপাশি পূণ্যার্থী এবং দর্শনার্থীদের মাস্ক পরার পরামর্শ দেওয়া হয়েছে। ওল্ড মিশন চার্চের তরফেও কোভিড বিধি মেনে চলার আবেদন জানানো হয়েছে।