পুবের কলম,ওয়েবডেস্ক: অবশেষে দীর্ঘ প্রতীক্ষিত রায় দিল আদালত। ঝাড়খণ্ডের ২২ বছর বয়সী তবরেজ আনসারিকে নৃশংসভাবে লিঞ্চ করার মামলায় ১০ জনকে দোষী সাব্যস্ত করল আদালত।
আরও পড়ুন:
২০১৯ সালের ১৮ জুনে ঘটেছিল সেই ঘটনা। পুনেতে শ্রমিক হিসেবে কাজ করা আনসারি ঈদ উপলক্ষ্যে তাঁর গ্রাম ধাতকিডিহতে ফিরেছিলেন। চুরির অপবাদ দিয়ে একদল উগ্র হিন্দুত্ববাদী জনতা তাঁকে নির্মম ভাবে মারধোর করে। ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে বাধ্য করা হয় তাঁকে। সকাল ৬টার দিকে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। আনসারিকে হেফাজতে নেওয়া হয়। চুরির অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের করা হয়।
আরও পড়ুন:
মর্মান্তিক ব্যাপার হল, ২২ জুন, আনসারি যখন বিচারবিভাগীয় হেফাজতে ছিলেন তখন তিনি বমি, মাথাঘোরা ও বুকের ব্যথার কথা জানান। তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটতে থাকে এবং তিনি চৈতন্য হারান। তাঁকে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর সেখান থেকে জামশেদপুরে টাটা মেইন হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু, সেখানকার ডাক্তাররা তাঁকে মৃত ঘোষণা করেন।
দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর ভারতীয় দণ্ডবিধির ৩০৪ ধারায় ১০ জন ব্যক্তিকে দোষী সাব্যস্ত করেছে আদালত। দোষীরা হল প্রকাশ মণ্ডল ওরফে পাপ্পু মণ্ডল, ভীম সিং মুণ্ডা, কমল মাহাতো, মদন নায়েক, অতুল মাহালি, সুনামো প্রধান, বিক্রম মণ্ডল, চামু নায়েক, চাঁদ মাহালি ও মহেশ মাহালি। জুলাই মাসে এদের সাজা ঘোষণা করবে আদালত।