দেবশ্রী মজুমদার, বোলপুর:  চব্বিশে লোকসভা নির্বাচনে জয়ের লক্ষ্যে  দলের, দেশের ও দশের মঙ্গল কামনায় মহাযজ্ঞ করলেন অনুব্রত। যজ্ঞেশেষে আহুতি দিয়ে মায়ের কাছে সেই প্রার্থনা জানালেন অনুব্রত। 

বৃহস্পতিবার এই মহাযজ্ঞ আয়োজনের কোনো ত্রুটি ছিল না। একান্ন সতীপীঠের অন্যতম কঙ্কালীতলায়  মন্দিরে হোম যজ্ঞে  নিযুক্ত ছিলেন  এগারো জন পুরোহিত, এক কুইন্টাল বেল কাঠ, পঁচাত্তর কেজি ঘি।

যজ্ঞের স্থান গতকাল রাত থেকেই সেজে ওঠে।

দলীয় পতাকায় এক প্রকার মুড়ে দেওয়া হয় মন্দির চত্বর। সকালে মন্দিরে মায়ের নিত্যপূজা হয়। তারপর বিষ্ণু,  ব্রহ্মা ও মহেশ্বরের পূজা হয়। প্রথমে মূল মন্দিরে যজ্ঞ হয়। পরে মন্দির সংলগ্ন যজ্ঞস্থলে যজ্ঞ শুরু হয়।
তার আগে যজ্ঞস্থল পরিদর্শন করেন অনুব্রত। যজ্ঞ পূজাপাঠ চলে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত। যজ্ঞের শেষে প্রায় তিন হাজার মানুষকে পাত পেড়ে খাওয়ানোর আয়োজন করা হয়। ভোগের প্রসাদে ছিল খিঁচুড়ি, লাবড়া, পায়েস ও বোঁদে।

কঙ্কালী তলার মন্দিরে সাধারণ ভক্ত মানুষ, দলীয় কর্মী সহ জেলার বিধায়ক, থেকে সাংসদ মন্ত্রীরা উপস্থিত ছিলেন।

বোলপুরের বিধায়ক তথা রাজ‍্যের ক্ষুদ্র ও মাঝারি শিল্প ও বস্ত্র মন্ত্রকের ভারপ্রাপ্ত মন্ত্রী চন্দ্র নাথ সিনহা বলেন, "প্রতিবছরই অনুব্রত মণ্ডল এরকম মহাযজ্ঞের আয়োজন করেন। এটা নতুন কিছু নয়। দল, দলনেত্রী ও  রাজ্যের মঙ্গল কামনায় এই মহাযজ্ঞের আয়োজন করেন অনুব্রত মণ্ডল।" অনুব্রত মণ্ডল বলেন, মা আমার প্রার্থনা  সব সময় পূরণ করেছেন। বিধান সভা নির্বাচনের আগে দুশো কুড়ি থেকে দুশো ত্রিশ আসন চেয়েছিলাম। তাই হয়েছে। এবার পূর্ণাহুতির সময় মাকে যা চাইবো, তা আগে বলবো না"।