পুবের কলম,ওয়েবডেস্ক: সন্ত্রাসী গোষ্ঠী আইএস তাদের নেতা আবু হুসেইন আল-হুসেইনি আল-কুরেশির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে এবং তাঁর স্থলাভিষিক্ত হিসেবে আবু হাফস আল-হাশিমি আল-কুরেশির নাম ঘোষণা করেছে। বৃহস্পতিবার তারা জানায়, বিদ্রোহী নিয়ন্ত্রিত উত্তর-পশ্চিম সিরিয়ার ইদলিব প্রদেশে হায়াত তাহরির আল-শাম গ্রুপের সঙ্গে ‘সরাসরি সংঘর্ষে’ তাদের নেতা নিহত হয়েছে। আইএস-এর এক মুখপাত্র টেলিগ্রাম মেসেজিং অ্যাপে নয়া নেতার নাম ঘোষণা করেন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান এপ্রিলে বলেছিলেন, তুর্কি গোয়েন্দা বাহিনী সিরিয়ায় আইএস নেতাকে হত্যা করেছে।
এরদোগান বলেন, ‘আইএস-এর নেতা আবু হুসেইন আল-কুরেশিকে সিরিয়ায় এমআইটি (ন্যাশনাল ইন্টেলিজেন্স অর্গানাইজেশন) দ্বারা পরিচালিত একটি অভিযানে খতম করা হয়েছে।’ সে-সময় তুর্কি মিডিয়া আফরিন অঞ্চলে একটি মাঠের মাঝে একটি বেড়া-বন্ধ ভবনের ছবি প্রকাশ করেছিল। বলা হয়, ওই ভবনেই লুকিয়ে ছিল আইএস নেতা। সিরিয়ার আফরিন তুর্কি-সমর্থিত বিদ্রোহীদের দ্বারা নিয়ন্ত্রিত আলেপ্পো প্রদেশে অবস্থিত।