পুবের কলম প্রতিবেদক: আগেই কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, এবার উচ্চ আদালতের রায় মেনে রাজ্য মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রারের পদ ছাড়তে বাধ্য হলেন মানস চক্রবর্তী। তাঁর পদে নিয়োগ এবং আসীন থাকাকে অবৈধ আখ্যা দিয়ে আন্দোলন চালাচ্ছিল চিকিৎসকদের একাংশ। শুক্রবার বিকেল পাঁচটার মধ্যে পদ ছাড়ার নির্দেশ দিয়েছিল আদালত। জানা গিয়েছে, আদালতের নির্দেশের পর শুক্রবার রেজিস্ট্রারের পদ ছেড়ে দেওয়ার জন্য চিঠি দিয়েছেন মানস চক্রবর্তী।
আরও পড়ুন:
অভিযোগ, নিয়ম না মেনেই পদে ছিলেন তিনি। এই মর্মে একাধিকবার রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সামনে বিক্ষোভ দেখায় জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টর্স নামে চিকিৎসকদের সংগঠন। অভিযোগ, মানস চক্রবর্তীই মেডিক্যাল কাউন্সিলের হয়ে আর জি কর আন্দোলনে সামনের সারিতে থাকা চিকিৎসকদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানান।
আরও পড়ুন:
আন্দোলনরত চিকিৎসক মানস গুমটা, সুবর্ণ গোস্বামী, উৎপল ব্যানার্জি এবং রঞ্জন ভট্টাচার্যের নামে এফআইআর করা হয়।
জানা গিয়েছে, ২০১৯ সালের ১ নভেম্বর রাজ্য মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রারের পদে নিয়োগ করা হয় মানস চক্রবর্তীকে। মেডিক্যাল কাউন্সিলের সভাপতি তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায় তাঁকে নিয়োগ করেন বলে অভিযোগ ওঠে। বৃহস্পতিবার হাইকোর্টও বলেছে যে অবসরের বয়স পেরনোর পর পদে থাকা যায় না। গত ২০ নভেম্বর স্বাস্থ্যভবন তাঁকে সরে যাওয়ার নির্দেশ দিলেও পদ ছাড়েননি তিনি। অবশেষে কোর্টের হস্তক্ষেপে পদ ছাড়লেন মানস।