আইভি আদক,হাওড়া: গঙ্গাসাগরে এসে অসুস্থ পড়েন শ্যামল মন্ডল নামে এক ব্যক্তি। বয়স ৪৫। ওই তীর্যাত্রীকে এয়ার অ্যাম্বুলেন্সে আনা হলো হাওড়ার ডুমুরজলা হেলিপ্যাডে। ওই ব্যক্তির সঙ্গে আসা চিকিৎসক জানান, শ্যামলবাবুর আগে থেকেই ডায়াবিটিসের  ও হৃদরোগের সমস্যা ছিল। গঙ্গাসাগরে এসে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

এরপর ওই ব্যক্তিকে মেলা প্রাঙ্গনের অস্থায়ী হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তাঁকে সিসিইউতে রাখা হয়। তবে অবস্থার অবনতি হলে তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ডুমুরজলা হেলিপ্যাডে নিয়ে আসা হয়।এখান থেকে সোজা নিয়ে যাওয়া হয় কলকাতার এম আর বাঙুর হাসপাতালে। আপাতত সেখানেই চিকিৎসাধীন ওই ব্যক্তি। এর আগেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের  গঙ্গাসাগর সফরের সময় গুরুতর অসুস্থ হয়ে পড়েন একটি বেসরকারি টিভি চ্যানেলের সাংবাদিক। মুখ্যমন্ত্রীর নির্দেশে তাঁর হেলিকপ্টারেই চিকিৎসা সহায়তা দিয়ে ওই সাংবাদিককে আনা হয় কলকাতায়।