দেবশ্রী মজুমদার, শান্তিনিকেতন: বোলপুর ডাকবাংলো মাঠে বিকল্প পৌষমেলা নিয়ে সাজো সাজো রব। ছাপানো হয়েছে আমন্ত্রণ পত্র। তৈরি হয়েছে অভ‍্যাগতদের তালিকা। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপাচার্যকে আমন্ত্রণ পত্র দিল মেলা কমিটি।
বাংলা সংস্কৃতি মঞ্চ তথা মেলার কমিটির দুই প্রতিনিধি মনীষা বন্দ‍্যোপাধ‍্যায় এবং আমিনুল হোদা মঙ্গলবার বিকেল চারটে নাগাদ উপাচার্য বিদ‍্যুৎ চক্রবর্তীকে নিমন্ত্রণপত্র দিতে যান। এব‍্যাপারে মনীষা বন্দ‍্যোপাধ‍্যায় বলেন,  উপাচার্যকে আমন্ত্রণ জানানো আমাদের দিক থেকে ভদ্রতা। সেটা গ্রহণ করা ওঁনার কর্তব্য।   উল্লেখ্য, অতীতে বিশ্ববিদ্যালয়ের গৈরিকীরণ, পাঁচিল দিয়ে মেলার মাঠ ঘেরা হোক বা মেলা বন্ধ করা হোক,  কিংবা রাস্তা বন্ধ থেকে বাজার বন্ধ সহ আলাপিনী সমিতি উচ্ছেদ সব রকম ইস‍্যুতে বাংলা সংস্কৃতি মঞ্চের এই সদস‍্যদের উপাচার্যর অন‍্যায়ের  বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে দেখা গেছে। এখন দেখার এই আমন্ত্রণ খোলামনে তিনি গ্রহণ করতে সক্ষম কিনা!