পুবের কলম ওয়েব ডেস্কঃ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে মামলা করার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মতে, শাহ উলটো করে ঝুলিয়ে দেওয়া নিয়ে যে মন্তব্য করেছিলেন তা অপরাধ। তাই তিনি এনিয়ে আইনজীবীদের মামলা করতে বলেন। 

মমতার দাবি, দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে অমিত শাহ হিংসা ও সন্ত্রাস ছড়ানোর কথা বলেছেন। কীভাবে এমন পদে থাকা একজন ব্যক্তি এই ধরনের কথা বলতে পারেন?

তাই নিয়ে প্রশ্ন তুলে মমতা আইনজীবীদের উদ্দেশ্যে বলেন, "কেস করবেন। আমার কাছে ভিডিও আছে। উনি যা বলেছে সেটা অপরাধ। স্বরাষ্ট্রমন্ত্রী এরকম কথা বলতে পারেন না। আমি বা অন্য কেউও এই ধরনের কথা বলতে পারি না।
" মমতার কথায় আইন সবার জন্য সমান। উল্লেখ্য, বঙ্গে নির্বাচনী প্রচারে এসে অমিত শাহ মন্তব্য করেছিলেন, "যদি তৃণমূলের গুণ্ডারা ভোট প্রক্রিয়াতে সমস্যা তৈরি করে, তবে তাদের উল্টো করে ঝুলিয়ে সোজা করা হবে।" শাহের এই মন্তব্য সামনে আসতেই এনিয়ে সরব হয় তৃণমূল কংগ্রেস। এবার একেবারে মামলা করতে বললেন মমতা। 

তৃণমূল সুপ্রিমো আরও বলেন, "স্বরাষ্ট্রমন্ত্রীর চেয়ারের একটা দায়িত্ব আছে।

সেই চেয়ারে বসে কীভাবে ভরা সভা থেকে তিনি এরকম কথা বলছেন।" যদিও এখানেই থেমে থাকেননি মমতা। একাধিক বিষয় নিয়ে একের পর এক অমিত শাহ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করেন তিনি। নিজের নামে স্টেডিয়াম বানানো নিয়ে মমতা মোদীর বিরুদ্ধে তোপ দাগেন। মমতার দাবি, হিন্দুদের সর্বনাশ করছে বিজেপি। এছাড়া, মোদী সরকারের বছরে ২ কোটি চাকরি, কালো টাকা ফেরানোর প্রতিশ্রুতি নিয়েও নিশানা করেন মমতা।