পুবের কলম প্রতিবেদক: সিইএসসির মত অনলাইন কর জমায় ছাড় দেবে এবার কলকাতা পৌর সংস্থাও। শুক্রবার মেয়র পরিষদ বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানালেন খোদ কলকাতার মেয়র তথা রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।

মেয়র জানান, সাধারণ মানুষের সুবিধার্থে সম্পত্তি কর অনলাইন জমা দিলে ১% হারে ছাড় পাবে শহরের নাগরিকরা। অনেকসময় কলকাতা পৌর সংস্থায় সম্পত্তি কর দিতে ভিড় জামান করদাতারা। ফলে তাদেরকে অনেক ক্ষেত্রে লম্বা লাইনে দাড়াতে হয়।

অনেকেই হয়রানির শিকার হন। এবার সেই সমস্যা কিছুটা হলেও সমাধান হবে বলে জানালেন মেয়র ফিরহাদ হাকিম।

তিনি আরো জানান, বিশেষ করে ছোট বাড়ির ক্ষেত্রে করের থেকে বেশি তাদের যাতায়াতে খরচ হয় যায়। তাই এই সিদ্ধান্ত। তবে এই ছাড় ২০০টাকা  বেশির ক্ষেত্রে প্রযোজ্য হবে না বলেও জানান মেয়র। কার্যত, অনলাইন সম্পত্তি করের ক্ষেত্রে বাজেটের আগে একটা অতিরিক্ত ছাড় দেওয়ার ঘোষণা করে নতুন চমক দিল কলকাতা পুরসভা।