পুবের কলম, ওয়েবডেস্ক: অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত তিন সাংবাদিক নিহত হয়েছেন। বুধবার গাজা শহরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আল-জাহরা এলাকায় চালানো এই হামলায় প্রাণ হারান মোহাম্মদ সালাহ কাশতা, আবদুল রউফ শাআত ও আনাস ঘনেইম। নিহতদের মধ্যে শাআত ফরাসি বার্তা সংস্থা এএফপির একজন ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কাজ করতেন বলে জানিয়েছে গাজার বেসামরিক প্রতিরক্ষা দপ্তর।
আরও পড়ুন:
ইসরাইলি সেনাবাহিনী অবশ্য ভিন্ন ব্যাখ্যা দিয়েছে। তাদের দাবি, মধ্য গাজায় হামাস-সংশ্লিষ্ট একটি ড্রোন পরিচালনাকারী ‘সন্দেহভাজনদের’ লক্ষ্য করে নির্ভুল হামলা চালানো হয়েছে। সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, ড্রোনটি তাদের জন্য হুমকি তৈরি করছিল বলেই এই অভিযান চালানো হয়। তবে হামাস-সংশ্লিষ্ট ড্রোন বলতে ঠিক কী বোঝানো হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। ইসরাইল জানিয়েছে, ঘটনাটি নির্ধারিত কমান্ড চেইনের অনুমোদন নিয়ে পরিচালিত হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ওই সময় সাংবাদিকরা মিশরীয় একটি ত্রাণ সংস্থার সহায়তা কার্যক্রমের ছবি ধারণের জন্য ড্রোন ব্যবহার করছিলেন। সেই সময় তাদের সঙ্গে থাকা যানবাহনকে লক্ষ্য করে হামলা হয়।আরও পড়ুন:
উল্লেখ্য, গত ১০ অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজায় একটি ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। এতে বড় ধরনের লড়াই কমে এলেও, উভয় পক্ষই বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত অন্তত ৪৬৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।