পুবের কলম, ওয়েবডেস্কঃ কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন  কীর্তি আজাদ, ও  রাহুল ঘনিষ্ঠ প্রাক্তন কংগ্রেস সাংসদ অশোক তানওয়ার।  দিল্লিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে এই যোগদান পর্ব চলে। এছাড়াও এদিন তৃণমূলে যোগ দেন জনতা দলের প্রাক্তন সাংসদ পবন ভার্মা।  হরিয়ানায় তৃণমূল কংগ্রেসের সংগঠনের দায়িত্বে থাকবেন অশোক তানওয়ার।

এদিন তৃণমূলে যোগ দিয়ে কীর্তি বলেন, যতদিন রাজনীতিতে আছি, ততদিন অবধি দিদির সঙ্গে থাকব। ওনার নেতৃত্বেই দেশের মানুষের জন্য কাজ করব। দিদি যেভাবে মাঠে নেমে লড়াই করেছেন, সেটাই মূল অনুপ্রেরণা।

ওনার মতোই নেতৃত্বের দরকার দেশে। যেভাবে দেশে বিভাজনের রাজনীতি চলছে, তার বিরুদ্ধে রুখে দাঁড়াব দিদির নির্দেশেই।

তৃণমূলে যোগ দিলেন কীর্তি আজাদ ও অশোক তানওয়ার ও পবন ভার্মা


উল্লেখ্য, ২০১৫ সালের ২৩ ডিসেম্বর কীর্তি আজাদকে বহিষ্কার করে বিজেপি। কারণ কীর্তি সরাসরি বিজেপি নেতা অরুণ জেটলির বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন। পরে ২০১৮ সালে কীর্তি আজাদ কংগ্রেসে যোগ দেন।


কীর্তি আজাদের পুরো নাম কীর্তিবর্ধন ভগত ঝা আজাদ। কীর্তি ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার ও রাজনীতিবিদ।

ভারতীয় লোকসভায় তৃতীয় মেয়াদে সংসদ সদস্যরূপে নির্বাচিত হয়েছিলেন। ২০১৪ সালে বিহারের দ্বারভাঙ্গা এলাকা থেকে নির্বাচনে জয়লাভ করেন। ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯৮০ থেকে ১৯৮৬ সময়কালে ভারতের পক্ষে ৭ টেস্ট ও ২৫টি একদিনের আন্তর্জাতিকে অংশ নেওয়ার সুযোগ হয় তার। ঘরোয়া প্রথম-শ্রেণীর ভারতীয় ক্রিকেটে দিল্লি দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। মূলত তিনি বোলারের দায়িত্ব পালন করতেন।

তৃণমূলে যোগ দিলেন কীর্তি আজাদ ও অশোক তানওয়ার ও পবন ভার্মা


অন্যদিকে কীর্তির পাশাপাশি প্রাক্তন কংগ্রেস সাংসদ অশোক তানওয়ার তৃণমূলে যোগ দেন।

তানওয়ার সম্প্রতি 'আপনা ভারত মোর্চা' নামক একটি দল তৈরি করেছিলেন। একসময় রাহুল গান্ধীর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন অশোক তানওয়ার। হরিয়ানা প্রদেশ কংগ্রেস সভাপতিও ছিলেন তিনি। হরিয়ানা প্রদেশ কংগ্রেস কমিটির তিনি প্রাক্তন সভাপতি ছিলেন। অশোক তানওয়ার ভারতীয় যুব কংগ্রেসের সর্ব কনিষ্ঠ সভাপতি ছিলেন।

উল্লেখ্য, চারদিনের সফরে দিল্লিতে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একগুচ্ছ সফরসূচি নিয়ে তাঁর এই দিল্লি যাত্রা বলে আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। রাজনীতিবিদরা আগেই জানিয়েছিলেন, গুরুত্বপূর্ণ বৈঠক ছাড়াও চমক অপেক্ষা করছে দিল্লিতে।