পুবের কলম ওয়েব ডেস্ক: আসন্ন বিধানসভা নির্বাচনের আগে প্রচারের গতি আরও বাড়াচ্ছেন তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৮ এপ্রিল কলকাতায় মিছিল করে মনোনয়নপত্র জমা দেবেন ভবানীপুর কেন্দ্রের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কর্মসূচিকে সামনে রেখে ১ এপ্রিল থেকে ৮ এপ্রিল পর্যন্ত তাঁর বিস্তারিত প্রচারসূচি প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস।
রাজ্যে এবারের নির্বাচন দু’দফায় অনুষ্ঠিত হবে—২৩ ও ২৯ এপ্রিল। সময় কম থাকলেও রাজ্যের একাধিক জেলায় প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন মমতা।
২ এপ্রিল মুর্শিদাবাদের সাগরদিঘি ও সুতিতে জনসভা করার পর তিনি যাবেন মালদহের বৈষ্ণবনগরে। পরদিন, অর্থাৎ ৩ এপ্রিল দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে সভা করবেন মমতা। একই দিনে উত্তর দিনাজপুরের রায়গঞ্জেও একটি জনসভা রয়েছে তাঁর। এরপর মালদহের হবিবপুরে আরও একটি নির্বাচনী সভায় যোগ দেওয়ার কথা।
৪ এপ্রিল মালদহে একাধিক কর্মসূচি রয়েছে তৃণমূল সুপ্রিমোর। মানিকচকে সভা করার পর রতুয়া ও মালতিপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের সমর্থনে প্রচার করবেন তিনি। একই দিনে গাজোলেও জনসভা করার কথা রয়েছে। ৫ এপ্রিল ফরাক্কা ও সামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের হয়ে প্রচারে নামবেন মমতা। ওই দিনই বীরভূমের মুরারই এবং মুর্শিদাবাদেও তাঁর সভা করার কথা রয়েছে।
৬ এপ্রিল নদিয়ার কৃষ্ণনগরে জনসভা করবেন তিনি। সেখান থেকে পূর্ব বর্ধমানের সমুদ্রগড়ে আরেকটি প্রচারসভায় অংশ নেবেন। ৭ এপ্রিল নদিয়ার রানাঘাট, উত্তর ২৪ পরগনার বনগাঁ এবং বারাসতের গুমাবাজারে ধারাবাহিক জনসভা করার কথা রয়েছে তৃণমূল নেত্রীর। এরপর ৮ এপ্রিল কলকাতায় মিছিল করে মনোনয়নপত্র জমা দেবেন ভবানীপুর কেন্দ্রের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়।