পুবের কলম,ওয়েবডেস্ক: কেন্দ্রীয় শিক্ষানীতিতে একগুচ্ছ পরিবর্তন আনল সংশ্লিষ্ট শিক্ষা মন্ত্রক। জানা গেছে, এবার থেকে একাদশ এবং দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা হবে বছরে দু’বার। পাঠক্রমে থাকতে পারে দু’টি ভাষা। তার মধ্যে একটিকে অবশ্যই ভারতীয় ভাষা হতে হবে। অর্থাৎ, চাইলে আঞ্চলিক ভাষাও পছন্দ করতে পারবেন পড়ুয়ারা।
খুব শীঘ্রই ২০২৪-এর পাঠ্যক্রমের জন্য নতুন ‘টেক্সট বই’ আনা হচ্ছে। পাশাপাশি নয়া শিক্ষানীতিতে বিষয়ের বোধগম্যতার উপর জোর দেওয়া হবে। দাবি, কমবে কোচিং নির্ভরতা এবং মুখস্থবিদ্যার প্রবণতা।

এছাড়াও যে পরীক্ষায় পড়ুয়ার প্রাপ্ত নম্বর বেশি  হবে, সেটাই গৃহীত হবে বলে এদিন জানানো হয়েছে। একাদশ-দ্বাদশে বিষয় বেছে নেওয়ার ক্ষেত্রে ‘স্ট্রিমে’ সীমাবদ্ধ থাকতে হবে না পড়ুয়াদের।
 যে কোনও বিষয় বেছে নিতে পারবেন তাঁরা। বর্তমানে মূলত আর্টস স্ট্রিম বা সায়েন্স স্ট্রিম নিয়ে পড়াশোনা করতে হয় ছাত্রছাত্রীদের।

যে কোনও স্ট্রিমের ক্ষেত্রে বিশেষ কিছু বিষয়ই নেওয়া যায়। এবার সেই সীমাবদ্ধতা থেকে রেয়াত পাবে পড়ুয়ার। এই নীতি কার্যকর হলে পঠন-পাঠনের ধরন অনেকটাই বদলে যাবে বলে ধারণা করছেন শিক্ষাবিজ্ঞ মহল। শিক্ষা মন্ত্রকের তরফে বলা হয়েছে, পড়ুয়ারা যাতে প্রস্তুতির জন্য যথেষ্ট সময় পায়, তার জন্যই বছরে ২ বার পরীক্ষা নেওয়া হচ্ছে।