ইরান ও লেবাননের বিরুদ্ধে একসঙ্গে একাধিক ফ্রন্টে যুদ্ধ চালাতে গিয়ে গুরুতর সেনাসংকটে পড়েছে ইসরায়েল। এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে সেনাবাহিনীর কার্যক্ষমতা ভেঙে পড়তে পারে বলে সরাসরি সতর্ক করেছেন দেশটির সেনাপ্রধান ইয়াল জামির।
বুধবার মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত বৈঠকে উপস্থিত হয়ে তিনি জানান, বর্তমান পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। তাঁর কথায়, একাধিক ফ্রন্টে যুদ্ধ চালানোর চাপের কারণে বাহিনীর ওপর অতিরিক্ত বোঝা তৈরি হয়েছে, যা ভবিষ্যতে বড় ধরনের বিপদের কারণ হতে পারে।
পরিস্থিতি মোকাবিলায় তিনি কয়েকটি গুরুত্বপূর্ণ সুপারিশও করেছেন। এর মধ্যে রয়েছে নতুন সেনা নিয়োগের জন্য আইন প্রণয়ন, অবসরপ্রাপ্ত সেনাদের পুনরায় দায়িত্বে ফিরিয়ে আনা এবং বাধ্যতামূলক সামরিক দায়িত্বের সময়সীমা বাড়ানো।
বিশ্লেষকদের মতে, দীর্ঘমেয়াদি যুদ্ধ পরিস্থিতি ইসরায়েলের সামরিক শক্তির ওপর বড় ধরনের চাপ তৈরি করছে, যা দেশের নিরাপত্তা ব্যবস্থার জন্য একটি বড় সতর্কসংকেত হিসেবে দেখা হচ্ছে।