কলকাতা, ১১ মার্চ: নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর ঘোষণা নিয়ে মোদি সরকারকে তোপ দাগলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর। সিএএ কার্যকরকে সম্পূর্ণ রাজনৈতিক চক্রান্ত বলেও সুর চড়িয়েছেন তিনি। মতুয়া ঠাকুরবাড়ির সদস্য মমতা বালা ঠাকুর বলেন, 'পাঁচ বছর আগে বিল পাশ করার পর এখন আইন কার্যকর করল। সদিচ্ছা থাকলে আগেই তা কার্যকর করত।'
আরও পড়ুন:
দীর্ঘদিন ধরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জোরাল দাবি করেছিলেন, লোকসভা নির্বাচনের আগে নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) লাগু হবেই।
কোনওভাবেই এই আইন বলবৎ হওয়া আটকানো যাবে না বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। লোকসভা নির্বাচনের ঠিক আগে দেশজুড়ে কার্যকর হল সংশোধিত নাগরিকত্ব আইন। সোমবার বিজ্ঞপ্তি জারি করে আনুষ্ঠানিক ভাবে এই আইন চালু হওয়ার কথা ঘোষণা করল কেন্দ্রীয় সরকার।আরও পড়ুন:
কেন্দ্রের ঘোষণার পরই ক্ষোভ প্রকাশ করেন মমতা বালা ঠাকুর। কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ করে তৃণমূল সাংসদ বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে যে নথি রয়েছে, আমাদের মতুয়াদের কাছেও সেই নথি আছে।
আমরা এ দেশের ভূমিপুত্র। তাহলে কেন আমাদের নথি দেখিয়ে প্রমাণ দিতে হবে?" তিনি বলেন, "আজ যে বিজ্ঞপ্তি জারি করেছে, তাতে নাগরিকত্ব প্রমাণের জন্য কী কী নথি জমা দিতে হবে, তাও স্পষ্ট করে জানানো হয়নি। দিন কয়েক আগেই মতুয়াদের আধার কার্ড বাতিল করা হচ্ছিল। মতুয়াদের মধ্যে যাঁরা নথি জমা দিতে পারবেন না, তাঁদের বে-নাগরিক করে দেওয়ার এটা চক্রান্ত। আমার মতে সিএএ-র মাধ্যমে আসলে ঘুরিয়ে এনআরসি চালু করার চেষ্টা চালাচ্ছে কেন্দ্র।"আরও পড়ুন:
নিঃশর্ত নাগরিকত্ব না হলে বড়সড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন মমতা বালা। তাঁর বক্তব্য, "বড়মা বীণাপাণি, কপিল কৃষ্ণ ঠাকুর এবং আমি দীর্ঘদিন এ নিয়ে লড়াই করেছি। আমাদের একটাই দাবি, মতুয়াদের নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে। কোনও নথি জমা দিয়ে আমরা নাগরিকত্ব নেব না।"