পুবের কলম, ওয়েবডেস্ক:  বিমানে যাতায়াতের ভাড়া অস্বাভাবিক চড়ে যাওয়ার অভিযোগ উঠছে বেশ কিছু দিন ধরে। বিশেষ করে বিভিন্ন উৎসবের সময় হঠাৎ করেই বেড়ে যায় এয়ার ফেয়ার। বিষয়টি খতিয়ে দেখে স্থায়ী সংসদীয় কমিটির প্রস্তাব, তা নিয়ন্ত্রণের জন্য যাতায়াতের রুট বা পথ অনুযায়ী টিকিটের সর্বোচ্চ দাম বেঁধে দেওয়া হোক। এর ফলে অনেক ক্ষেত্রেই ভাড়া কমে আসবে, কারণ তা যুক্তিসম্মত হবে। আমজনতা স্বস্তি পাবেন।

কিছু গন্তব্যে অবশ্য তা বেড়েও যেতে পারে।

এ ছাড়া যাত্রী উড়ান যাতায়াতের পাশাপাশি আর কী সুবিধা চাইছেন, সেই অনুসারে খরচ ঠিক করা যেতে পারে। উৎসব বা ছুটিছাটার সময় যখন চাহিদা তুঙ্গে থাকে, তখন আগাম জানিয়ে ওই সর্বোচ্চ সীমা কিছুটা বাড়ানোর ব্যবস্থাও করা যেতে পারে বলে জানিয়েছে কমিটি।

যাতে যাত্রীদের পাশাপাশি উড়ান সংস্থার স্বার্থও রক্ষা করা যায়। এর পাশাপাশি বিমান টিকিটের দাম নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট মন্ত্রককে আলাদা একটি সংস্থা গড়ার সুপারিশ করেছে তারা।