পুবের কলম,ওয়েবডেস্ক: ইসরাইলের বিমান হামলায় গাজায় আরও দুই সাংবাদিক নিহত হয়েছেন। ফিলিস্তিন কর্তৃপক্ষ বলছে, এ নিয়ে লাগাতার সংঘাতে নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০৩। নিহত ওই সাংবাদিকের নাম আহাম্মদ ইউনিস আল-জায়তুনিয়াহ এবং মুহাম্মদ আবদেল-খালেক আল-আফ। আহাম্মদ ইউনিস পেশায় ছিলেন সাউন্ড ইঞ্জিনিয়ার। তিনি ফিলিস্তিনের আল-রাই রেডিওতে চাকরি করতেন।
আল-রাই এজেন্সির জন্য চিত্র সাংবাদিকের কাজ করতেন মুহাম্মদ আবদেল-খালেক আল-আফ। গাজা কর্তৃপক্ষের মিডিয়া কার্যালয়ের তথ্য বলছে, গত ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে ইসরাইলের চলমান সংঘাতে এ পর্যন্ত ১০৩ সাংবাদিক নিহত হলেন। নিহত ব্যক্তিদের মধ্যে আল জাজিরা আরবির ক্যামেরাম্যান সামের আবুদাকাও রয়েছেন।আরও পড়ুন:
ইসরাইলের নির্বিচার হামলায় ৫০টির বেশি মিডিয়া কার্যালয় সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস হয়ে গেছে। সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্টের উপমহাসচিব টিম ডসন আল জাজিরাকে বলেন, গাজায় সাংবাদিক নিহত হওয়ার সংখ্যা ‘অস্বাভাবিক রকমের বেশি’।
তিনি বলেন, ‘আর কোনও সংঘাতে এত বেশিসংখ্যক সাংবাদিকদের মৃত্যু আমরা দেখিনি।’আরও পড়ুন:
এর আগে ১৪ ডিসেম্বর সাংবাদিকদের আরেক আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারসের (আরএসএফ) বার্ষিক প্রতিবেদনের বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছিল, হামাসের সঙ্গে ইসরায়েলের চলমান সংঘাতে ৬৩ সাংবাদিকের প্রাণ গেছে। তাঁদের মধ্যে দায়িত্বপালনকালে নিহত হয়েছেন ১৭ জন। গাজায় ইসরাইলি বাহিনীর হামলায় ২০,৪২৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের বেশিরভাগই মহিলা এবং শিশু। আহত হয়েছেন ৫৪,০৩৬ জন। হামাসের হামলায় প্রায় ১,২০০ ইসরাইলি নিহত হয়েছে বলে জানা গিয়েছে।