পুবের কলম,ওয়েবডেস্ক: এর আগে কোনো মুসলমান নারী একা হজে যেতে পারতেন না।  এতদিন হজ আদায় করতে যাওয়ার জন্য মাহরাম অর্থাৎ পুরুষ অভিভাবককে সঙ্গে নিতে হত।

উল্লেখ্য, নারীর মাহরাম হতে পারেন তাঁর স্বামী অথবা এমন কোনো ব্যক্তি যার সঙ্গে বিবাহ হারাম। কিন্তু গত বছর অক্টোবর মাসে সউদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ঘোষণা করেন, এবার থেকে গোটা বিশ্বের ৪৫ বছর বা তার থেকে বেশি বয়সের নারীরা মাহরাম ছাড়াই হজে যেতে পারবেন।

এই ঘোষণার পর ভারতে মহিলা হজযাত্রীদের আবেদনের সংখ্যা বেড়েছে।
এবছর ৪,৩১৪ এর বেশি ভারতীয় নারী মাহরাম ছাড়াই হজে যাওয়ার জন্য আবেদন করেছে বলে জানিয়েছে, সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক। অগ্রাধিকার ভিত্তিতে আবেদনগুলি গ্রাহ্য করে খুব শীঘ্রী হজযাত্রীদের তালিকা প্রকাশ করা হবে। এবছরই ৪৫ বছরের বেশি বয়সী নারীদের আবেদনের সংখ্যা সব থেকে বেশি, যারা মাহরাম ছাড়া হজে যেতে চান।

সংস্কারমূলক ভাবনা থেকেই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন সউদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। আর তাতে বেশ ভালো সাড়া পাওয়া ষাচ্ছে।
এতদিন অনেকেই সামর্থ ও ইচ্ছা থাকা সত্ত্বেও উপযুক্ত মাহরামের অভাবে হজে যাওযায় সুযোগ থেকে বঞ্চিত হতেন। এবার সেই সম্ভাবনাও কমেছে।

উল্লেখ্য, প্রতি বছর সারা বিশ্ব থেকে প্রায় ২৫ লক্ষ থেকে ৩০ লক্ষ হজযাত্রী সউদি আরব যান। যে দেশ গুলি থেকে সব থেকে বেশি হযযাত্রীরা যান মক্কা শরিফে, সেই তালিকার তিন নম্বরে রয়েছে ভারত।

এবছর ভারত ১ লক্ষ ৭৫ হাজার ২৫ জন হজযাত্রীদের পাঠানোর অনুমতি পেয়েছে। ২০২৩-এ হজযাত্রীদের নিয়ে প্রথম বিমান উড়ান দেবে ২১ মে (ইনশাআল্লাহ)।