পুবের কলম, ওয়েবডেস্ক:হিংসাদীর্ণ নূহ জেলা পরিদর্শনে বিজেপির পাঁচ নেতা। বুধবার রাজ্য সভাপতি ওম প্রকাশ ধনখড়ের নেতৃত্বে সংশ্লিষ্ট এলাকার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে দেখা এবং বর্তমান পরিস্থতি নিয়ে আলোচনা করেন তারা।

এদিন ধনখড় বলেন, অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে অগ্নিগর্ভ নূহের পরিস্থিতি। খুব শীঘ্রই সব স্বাভাবিক হয়ে যাবে।
সংশ্লিষ্ট ঘটনার পর তৎপর হয়েছে প্রশাসন।যারা এই ষড়যন্ত্রের পিছনে রয়েছে তাদের খুঁজে বার করার চেষ্টা চলছে। অভিযুক্তরা দোষী প্রমাণিত হলে কঠোর শাস্তি দেওয়া হবে বলেও জানান তিনি।

যদিও এর আগে আম আদমি পার্টির ৭ সদস্যের একটা দলকে ‘কারফিউ জারি’র অজুহাতে এলাকা পরিদর্শনে বাধা দিয়েছিলেন কর্মরত পুলিশ আধিকারিকরা।
এছাড়া কংগ্রেস, সিপিএম-সহ একাধিক রাজনৈতিক দলকে পরিস্থিতি খতিয়ে দেখতে বাধা দেওয়া হয়।

উল্লেখ্য, নুহের এই ঘটনায় বিজেপি সরকারের দিকেই আঙুল তুলেছেন বিরোধী দলনেতারা। অভিযোগ, আসন্ন লোকসভা   নির্বাচনে ভোটের রাশ নিজেদের হাতে রাখতে গেরুয়া শিবির এই সাম্প্রদায়িক দাঙ্গায় উস্কানি দিয়েছে। ২০২৪-এর আগে হরিয়ানায় যদি সাম্প্রদায়িক ভেদাভেদ প্রকট হয় তাহলে একটা বড় অংশের ভোট মোদি সরকারের পক্ষেই থাকবে বলে মনে করছেন তারা।