পুবের কলম প্রতিবেদক: আগামী ছ’মাসের মধ্যে রাজ্যের ১৫ বছরের পুরনো সমস্ত গাড়িকে বাতিল করতে হবে। কিছুদিন আগে এমনই নির্দেশ দিয়েছে জাতীয় পরিবেশ আদালত। এবার সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে জোড়া জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। মামলাকারীরা হাইকোর্টে আবেদন জানিয়েছেন, ১৫ বছরের পুরাতন গাড়ি বাতিল সংক্রান্ত জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ পুনর্বিবেচনা করা হোক।
পরিবর্তন করা হোক ব্যক্তিগত মালিকানাধীন গাড়ির ক্ষেত্রে পরিবেশ আদালতের ওই নির্দেশ। জানা গিয়েছে, চলতি সপ্তাহে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি হতে পারে।আরও পড়ুন:
প্রসঙ্গত, গত ২৬ জুলাই জাতীয় পরিবেশ আদালতের পূর্বাঞ্চলীয় বেঞ্চ নির্দেশ দিয়েছিল- আগামী ছয় মাসের কলকাতা-সহ গোটা রাজ্যের ১৫ বছরের পুরনো গাড়িগুলি বাতিল করতে হবে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়েই হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন অরুণাভ ঘোষ এবং মৈনাক গঙ্গোপাধ্যায়।
তাঁরা জানান, দেশের অন্য কোনও রাজ্যে এমন পদক্ষেপের নজির নেই। পরিবেশ আদালতের নির্দেশ মেনে পদক্ষেপ নিলে রাজ্যের কয়েক লক্ষ গাড়ি বাতিল করতে হবে সরকারকে।আরও পড়ুন:
এ নিয়ে বাস মালিকদের ইউনিয়নের বক্তব্য- হঠাৎ করে গাড়ি বাতিল করলে গণপরিবহণ ব্যবস্থার উপর বিরূপ প্রভাব পড়বে। বাস ইউনিয়নগুলির আরও বলছে- আদালতের মতে ইউরো-৪ গাড়ি আর চলবে না, অন্যদিকে বলা হয়েছে ১৫ বছর হবে সময়সীমা। রাজ্যে যেসব ইউরো-৪ গাড়ি ২০২০ সালে নিবন্ধন করা হয়েছে সেগুলির কী হবে? সিটি সাবার্বান বাস সার্ভিসের সম্পাদক টিটো সাহা বলেন, আদালত মানুষের স্বার্থের কথা ভেবে রায় বিবেচনা করুক।