পুবের কলম ওয়েবডেস্কঃ প্রথম দফার ভোটের আর ১১ দিন বাকি। সব রাজনৈতিক দলের প্রচার কর্মসূচী এখন তুঙ্গে। সেই আবহে বিরাট বড় আশঙ্কা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাঁর আশঙ্কা বিজেপিকে নিয়ে। মমতার দাবি, বিরাট বড় ষড়যন্ত্র করা হচ্ছে। আর রবিবার মধ্যরাত থেকেই নাকি বড় কোনও অপারেশন শুরু হতে চলেছে। রবিবার খণ্ডঘোষের ভোট প্রচারের মঞ্চ থেকে মমতা আশঙ্কা প্রকাশে পরেই জোর চর্চা শুরু হয়েছে বাংলার রাজনীতিতে।

 

এদিনের প্রচারের মঞ্চ থেকে মমতা দলীয় কর্মীদের সতর্ক করেন। প্রচারে আরও জোর দেওয়ার কথা বলেন। আশঙ্কা প্রসঙ্গে মমতা বলেন, "ভোটের মেশিন নিয়ে খুব সাবধান। এদের প্ল্যান স্লো ভোটিং। স্লো কাউন্টিং। প্রথমে দেখাবে বিজেপি জিতছে। টিভিতে যদি দেখায় ওর জিতছে, মিথ্যে বলছে।

" এরপরেই অপারেশন প্রসঙ্গে মমতা নিজের আশঙ্কার কথা বলেন। তাঁর কথায়, "অনেককে গ্রেফতার করার চেষ্টা করছে। আজ মধ্যরাত থেকে অপারেশন শুরু হবে। যদিও তৃণমূলের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী মমতা বলেন, "আমরাই জিতব। বিজেপির এমন ক্ষমতা নেই যে ওরা আমাদের হারাবে।" ইভিএমে কারচুপির অভিযোগ নিয়েও সরব হন মমতা। তাঁর আরও আশঙ্কা বহিরাগতদের দিয়ে ভোট লুটেরও চেষ্টা হতে পারে।
যদিও এনিয়ে আগেও দলীয় কর্মী থেকে শুরু করে সাধারণ ভোটারদের সতর্ক করেন মমতা। ভোটের আগে ভোটারদের অ্যাকাউন্টে টাকা ঢোকানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে নতুন নয়। এদিন মমতা অভিযোগ করেন,  ভোট কিনতে বিজেপি টাকা বিলি করছে। কেউ অ্যাকাউন্ট নম্বর দেবেন না। মমতার দাবি, টাকা দেওয়ার বদলে যেটুকু টাকা আছে তা কেটে নেওয়া হতে পারে। তিনি আরও সতর্ক করে বলেন, শুধু টাকা তুলে নেওয়ায় নয়, ইডি, সিবিআই পর্যন্ত পাঠাতে পারে। এমনকি তিনি আরও সতর্ক করে বলেন, তাঁর নাম করে বললেও যেন কেউ অ্যাকাউন্ট নম্বর না দেন।