রাজ্যে ক্ষমতা হারানোর পর সংগঠনের ভিত শক্ত করতে এবার সরাসরি কর্মীদের উদ্দেশে বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভিডিও বার্তায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, বর্তমান পরিস্থিতি দলের কাছে একপ্রকার “অগ্নিপরীক্ষা”। একইসঙ্গে বিজেপিকে নিশানা করে তিনি অভিযোগ করেন, “লুট করে ক্ষমতায় এসেছে বিজেপি।”

ভোট-পরবর্তী পরিস্থিতিতে তৃণমূল কর্মীদের মনোবল চাঙ্গা করতেই এই বার্তা দিয়েছেন অভিষেক। তাঁর দাবি, নির্বাচনে ব্যাপক কারচুপি ও ভোট লুট হয়েছে।

“এই রায় মানুষের রায় হতে পারে না,” মন্তব্য করেন তিনি।

ভিডিও বার্তায় অভিষেক আরও অভিযোগ করেন, ভোট-পরবর্তী হিংসায় ১০ জন তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে। বিজেপির বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, “যারা মানুষের রায়কে প্রভাবিত করে ক্ষমতায় এসেছে, তারা বেশিদিন টিকতে পারে না।”

গণনার পূর্ণাঙ্গ তথ্য প্রকাশের দাবিও তুলেছেন তিনি। পাশাপাশি সিঙ্গুর ও নন্দীগ্রামের আন্দোলনের প্রসঙ্গ টেনে কর্মীদের লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান তৃণমূল সাংসদ।

অভিষেক বলেন, “সোনা আগুনে পুড়ে খাঁটি হয়। এই অগ্নিপরীক্ষার মধ্য দিয়েই তৃণমূল আরও শক্তিশালী হয়ে উঠবে। আমাদের অস্ত্র আপসহীন লড়াই, হার না মানা মানসিকতা এবং কর্মীদের ঐক্য।”

এদিনই ভোট-পরবর্তী হিংসার অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই আবহে অভিষেক কর্মীদের উদ্দেশে বার্তা দেন, দলীয় কার্যালয় পুনর্দখল করতে হবে এবং বিজেপির “অত্যাচারের” বিরুদ্ধে সংগঠিতভাবে প্রতিবাদ গড়ে তুলতে হবে।

ভিডিওর শেষে তিনি আশ্বাস দিয়ে বলেন, “যেখানেই ডাকবেন, আমি সেখানে পৌঁছে যাব।”