পুবের কলম, ওয়েবডেস্ক: মুর্শিদাবাদের কান্দি থেকে প্রচার সেরে ফেরার পথে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর কনভয়ে দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অল্পের জন্য বড়সড় বিপদ এড়ালেও ঘটনাটি তাঁর নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। ইতিমধ্যেই নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন সিআরপিএফ-এর শীর্ষ মহলে লিখিত অভিযোগ জানানো হয়েছে।
 
 বুধবার রাতে কান্দি থেকে ফেরার সময় আচমকাই একটি দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অধীরের গাড়ির দিকে ধেয়ে আসে।

পরিস্থিতি বুঝে চালক তৎক্ষণাৎ গাড়ির দিক ঘুরিয়ে নেওয়ায় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। তবে ট্রাকটি সামনে থাকা এসকর্ট গাড়ির পেছনে সজোরে ধাক্কা মারে, ফলে সেটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পরই অধীরের দফতর থেকে নির্বাচন কমিশনের সিইও মনোজ অগ্রবালের কাছে লিখিত অভিযোগ পাঠানো হয়। একইসঙ্গে সিআরপিএফের শীর্ষ কর্তাদেরও বিষয়টি জানানো হয়েছে।
অভিযোগপত্রে তাঁর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে, বিশেষ করে নির্বাচনের সময় তাঁর মতো গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বের কনভয়ে এ ধরনের ঘটনা ঘটায়।
 
 কংগ্রেস সূত্রে অভিযোগ, দুর্ঘটনার পর স্থানীয় থানায় খবর দেওয়া হলেও দীর্ঘক্ষণ পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়নি, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন দলীয় কর্মী-সমর্থকেরা। পরে আহতদের হাসপাতালে পাঠিয়ে নিজের পরবর্তী কর্মসূচির উদ্দেশে রওনা দেন অধীর। নির্বাচনের আবহে এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর বিতর্ক।