পুবের কলম, ওয়েবডেস্ক: পশ্চিমবঙ্গের রাজনীতিতে বড় সিদ্ধান্ত নিল AIMIM। হুমায়ুন কবীরের আমজনতা উন্নয়ন পার্টির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে রাজ্যে একাই নির্বাচনে লড়ার ঘোষণা করল দলটি।
শুক্রবার সকালে দলের তরফে আনুষ্ঠানিকভাবে জানানো হয়, আজ থেকে হুমায়ুন কবীরের দলের সঙ্গে তাদের কোনও জোট নেই। উল্লেখ্য, এর আগে আসাদউদ্দিন ওয়েইসি-র নেতৃত্বাধীন এআইএমআইএম মুর্শিদাবাদের নওদায় সভা করে আমজনতা উন্নয়ন পার্টির প্রার্থীদের সমর্থনে প্রচারও করেছিল।
দলটি আরও জানিয়েছে, দীর্ঘদিন ধরেই তথাকথিত ধর্মনিরপেক্ষ রাজনীতির মধ্যেও প্রান্তিক জনগোষ্ঠীর প্রকৃত উন্নয়ন হয়নি। তাই স্বাধীন রাজনৈতিক কণ্ঠস্বর তুলে ধরতেই তারা এককভাবে নির্বাচনে লড়ার পথে হাঁটছে। ভবিষ্যতেও কোনও দলের সঙ্গে জোট না করার ইঙ্গিত দিয়ে এআইএমআইএম স্পষ্ট করেছে, আসন্ন নির্বাচনে তারা একাই নিজেদের শক্তি পরীক্ষা করবে।