পুবের কলম, ওয়েবডেস্ক: হিমাচলপ্রদেশের কুলুতে ভয়াবহ স্কুল বাস দুর্ঘটনা। খাদে পড়ে মৃত্যু কমপক্ষে ১৬ জন জনের। এর মধ্যে রয়েছে স্কুল পড়ুয়ারাও। বাসটিতে ৩৫-৪০ স্কুল পড়ুয়া ছিল।

আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। ঘটনার খবর মাত্রই ঘটনাস্থলে যান কুলুর ডিসি আশুতোষ গর্গ।   ডিসি জানিয়েছেন,  সকাল সাড়ে আটটা নাগাদ জাংলা গ্রামের কাছে বাসটি খাদে পড়ে যায়।

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল। আহতদের  নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জেলা প্রশাসনের আধিকারিকরা জানিয়েছেন, বাসটিতে কমপক্ষে ৪০ জন পড়ুয়া ছিল। সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, নিওলি-সামশের রাস্তা ধরে কুলু থেকে সায়ঞ্জের দিকে যাচ্ছিল বাসটি।

দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মৃতদের পরিজনকে দুই লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।

আহতদের জন্য ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করা হয়েছে।

এদিকে, হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর দুর্ভাগ্যজনক খবরে শোকজ্ঞাপন করে আহতদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করেছেন। হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী একটি ট্যুইট করে লিখেছেন, 'আমি কুলুর সায়ঞ্জের উপত্যকায় বেসরকারি স্কুল বাস দুর্ঘটনার খবর পেয়েছি।

পুরো প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন এবং আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। আমি বিদেহী আত্মার শান্তি এবং শোকসন্তপ্ত পরিবারকে শক্তি দেওয়ার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছি'।

১৬ জনের মৃত্যুর ঘটনায় শোকজ্ঞাপন করেছেন বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জেপি নাড্ডা। ট্যুইটে নাড্ডা লিখেছেন, একটি হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। হিমাচলের কুলুর সায়ঞ্জের উপত্যকায় ঘটে যাওয়া বাস দুর্ঘটনায় বহু হতাহতের খবর পাওয়া গেছে। নিহতদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। আমি আহতদের দ্রুত আরোগ্য কামনা করি'।