পুবের কলম,ওয়েবডেস্ক: বর্তমান সরকারকে এখন থেকে আর কোনও সহযোগিতা না করতে প্রশাসন ও দেশবাসীর প্রতি আহ্বান জানাল বিএনপি। সেইসঙ্গে আগামী ৭ জানুয়ারির ভোট বর্জনের আহ্বানও জানিয়েছে দলটি। বুধবার দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অসহযোগ আন্দোলনের ডাক দিয়ে এ কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘আমি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে এ আহ্বান জানাচ্ছি। মিথ্যা ও গায়েবি মামলায় অভিযুক্ত নেতা-কর্মীদের আজ থেকে আদালতে হাজিরা দেওয়া থেকে বিরত থাকারও আহ্বান জানাচ্ছি।
’আরও পড়ুন:
তিনি বলেন, ‘ব্যাঙ্ক খাতের মাধ্যমে সরকার সবচেয়ে বেশি অর্থ লুটপাট করেছে। ফলে ব্যাঙ্কে টাকা জমা রাখা নিরাপদ কি না, সেটি ভাবুন।’ নির্বাচনে কারা এমপি হবেন সেই তালিকা তৈরি হয়ে গেছে উল্লেখ করে বিএনপির সিনিয়র এ নেতা ভোটগ্রহণে নিযুক্ত কর্মকর্তাদের দায়িত্ব পালন থেকে বিরত থাকার আহ্বান জানান। এছাড়া বিএনপির পক্ষ থেকে সরকারকে সকল প্রকার কর, খাজনা, পানি, গ্যাস-বিদ্যুৎ বিল দেওয়া স্থগিত রাখার অনুরোধ জানানো হয়। আগামী ৭ জানুয়ারির ভোট বর্জনের অংশ হিসেবে এসব কর্মসূচি বলে জানান রিজভী।
আরও পড়ুন:
তিনি বলেন, ‘জনগণের আন্দোলনের ফলে দেশে সত্যিকারের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হলে ক্ষতিগ্রস্তরা যথাযথ ক্ষতিপূরণ এবং সুবিচার পাবেন। বিএনপির সিনিয়র এ নেতা বলেন, ‘স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমাদের অনেক সঙ্গী জীবন দিয়েছেন, গুম হয়েছেন, বন্দি ও আহত হয়েছেন।
আরও পড়ুন:
কিন্তু গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াই চলছে ও চলবে। জনগণের গণতান্ত্রিক আন্দোলন ও লড়াইয়ের বিজয় অবশ্যম্ভাবী ও অনিবার্য।’ সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘আজ থেকেই অসহযোগ আন্দোলন শুরু। এর অংশ হিসেবে আগামী ৭ জানুয়ারির ডামি নির্বাচন বর্জন করুন। ভোট গ্রহণে নিযুক্ত কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন না।’