পুবের কলম, ওয়েবডেস্ক: বিহারে মর্মান্তিক দুর্ঘটনা। ৩০ জন স্কুলপড়ুয়াকে নিয়ে তলিয়ে গেল নৌকা। ২০ জনকে উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ ১০ জন।

বৃহস্পতিবার বিহারের মুজাফফরপুরের বাগমতী নদীতে ডুবে যায় নৌকাটি।

ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। বাকিদের উদ্ধারে জোরকদমে উদ্ধারকাজ চালানো হচ্ছে। ঘটনাস্থলে রয়েছে পুলিশ সহ রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাগমতী নদী পার করে স্কুলে যাচ্ছিল ওই পড়ুয়ারা। পিপল ঘাট থেকে ভাটগামা মধুরপট্টি ঘাটে যাচ্ছিল নৌকাটি।

সে সময়ই মাঝনদীতে উল্টে যায় নৌকা। তবে কী করে এই দুর্ঘটনা ঘটল সে ব্যাপারে এখনও কিছু স্পষ্ট নয়। নৌকাডুবির খবর পেয়ে ঘাটের ধারে ভিড় জমান প্রচুর স্থানীয় বাসিন্দা। তাঁরা জানিয়েছেন, এই এলাকায় দীর্ঘদিন ধরে ব্রিজ তৈরির দাবি জানানো হচ্ছে। কিন্তু তা নিয়ে প্রশাসনের কোনও হেলদোল নেই।

বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বলেন, 'উদ্ধারকাজ চালানো হচ্ছে। জেলাশাসককে সমস্ত দিকে লক্ষ্য রাখার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যে সরকারের তরফ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সমস্ত রকম সহযোগিতা করা হচ্ছে।' ঘটনাচক্রে এই সময়ে মুজাফফরপুরে রয়েছেন নীতিশ কুমার। এই জেলাতেই একটি ক্যানসার হাসপাতালের উদ্বোধন করবেন তিনি।