পুবের কলম ওয়েবডেস্ক: ট্রেনিং করতে এসে কলকাতায় ভিন রাজ্যের পুলিশের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। গড়িয়াহাটের ভাড়া বাড়ি থেকে ওড়িশার এক পুলিশকর্মীর দেহ উদ্ধার হয়েছে। মৃত্যুর কারণ নিয়ে শুরু হয়েছে জল্পনা। ওই পুলিশকর্মী আত্মঘাতী হয়েছেন, নাকি তাঁকে খুন করা হয়েছে জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন:
জানা গিয়েছে, মৃত পুলিশকর্মী সুব্রত কুমার সাহু ওড়িশার কেওনঝারের বাসিন্দা।
ওড়িশা পুলিশে কর্মরত ছিলেন তিনি। ট্রেনিং নিতে কলকাতায় এসেছিলেন। গড়িয়াহাটের হিন্দুস্থান পার্কের কাছে একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতেন তিনি। তাঁর সঙ্গে আরও কয়েকজন সহকর্মী থাকতেন বলে জানা গিয়েছে। এই সহকর্মীরাই প্রথম তাঁর দেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পায় বলে সূত্রের খবর।আরও পড়ুন:
মঙ্গলবার সারাদিন তাঁকে ঘর থেকে বের হতে দেখেননি সহকর্মীরা। ট্রেনিং-র জন্য সকলে গেলেও সুব্রতবাবু যাননি। সন্ধের পর ভাড়া বাড়িতে ফিরেও তাঁকে দেখতে পাননি সহকর্মীরা। তখনই সন্দেহ হয় সকলের। দরজা খুলে ভিতরে ঢুকে ঝুলন্ত অবস্থায় তাঁকে দেখতে পান তাঁরা।
সঙ্গে সঙ্গে সহকর্মীরাই খবর দেন গড়িয়াহাট থানায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে হাজির হন গড়িয়াহাট থানার পুলিশ। দেহ উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। কিন্তু তিনি কেন আত্মঘাতী হয়েছেন, বিষয়টি জানা যায়নি।আরও পড়ুন:
আসল কারণ জানতে মৃতের পরিবার ও পরিজনদের সঙ্গে কথা বলবেন তদন্তকারীরা। সহকর্মীদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গিয়েছে। আদৌ ওই পুলিশকর্মী আত্মঘাতী হয়েছেন নাকি নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই জানা যাবে। কিন্তু ট্রেনিং-র জন্য কলকাতায় এসে আত্মহত্যা করলেন কেন সেই বিষয়টি ভাবাচ্ছে তদন্তকারীদের।